২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা বেড়েছে

গত এক দশকে বিশ্বে সন্ত্রাসী হামলা চার গুণের বেশি বেড়েছে। এ সমস্ত হামলায় সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

নিউইয়র্ক, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত এক দশকে বিশ্বে বছরে সন্ত্রাসী হামলা চার গুণের বেশি বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে গত এক দশকে গোটা বিশ্বে সন্ত্রাসী হামলা বেড়েছে চার গুণের বেশি এবং এসব হামলায় সেেবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো হচ্ছে ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও ইয়েমেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস’ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের সূচকভিত্তিক এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এ গবেষণায় বিভিন্ন দেশের নিরাপত্তা নিয়ে গবেষণা প্রতিবেদনগুলো অন্তর্ভূক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী হামলার সংখ্যা, হামলায় হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরাক। এর পরে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও ইয়েমেন। তবে ২০০৭ সালে সারা বিশ্বে আত্মঘাতী বোমাহামলা ও অন্যান্য সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি মানুষ মারা যায়। ওইসময় ইরাক যুদ্ধ চলছিলো। এরপর থেকেই এ হার কমতে থাকে। ২০১১ সালে সন্ত্রাসী হামলায় ৭ হাজার ৪৩৭ জন নিহত হয় যা ২০০৭ সালের চেয়ে ২৫ শতাংশ কম। তবে ২০০২ সালের তুলনায় ২০১১ সালে বিশ্বে সন্ত্রাসী হামলা এবং এতে নিহতের সংখ্যা অনেক বেশি দেখা গেছে গবেষণায়। এতে দেখা যায়, ২০০২ সালে ৯৮২ টি সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৩৮২৩। আর ২০১১ সালে বিশ্বে মন্ত্রাসী হামলা হয়েছে ৪৫৬৪ টি এবং নিহতের সংখ্যা ৭ হাজার ৪৩৭। যুক্তরাষ্ট্রের আল-কায়েদা নেটওয়ার্কের বিরুদ্ধে ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধ’ মার্কিন ভূমিকে নিরাপদ করে তুলেছে, সেরকম কোনো প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। বরং এ যুদ্ধ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলেই মনে করছেন গবেষকরা। ‘ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস’ এর নির্বাহী প্রধান স্টিভ কিলেলেয়া বলেন, ‘৯/১১ এর পর সন্ত্রাসী কার্যক্রম ২০০০ সালের আগের অবস্থায় ফিরে গিয়েছিল। তবে ইরাকে মার্কিন আগ্রাসনের পর তা আবার বাড়তে শুরু করে এবং এরপর থেকে তা বেড়েই চলেছে।’ তিনি জানান, গত এক দশকে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনার এক তৃতীয়াংশ ঘটেছে ইরাকে। ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান মিলিয়ে হতাহতের ঘটনার ৫০ শতাংশেরও বেশি ঘটনা ঘটেছে। গবেষণায় দেখা গেছে, ইরাক যুদ্ধের পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। একই সময়ে আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোবাহিনীর অভিযান শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের পর নিরাপত্তা অবস্থার সবচেয়ে বেশি অবনতি ঘটেছে সিরিয়া ও ইয়েমেনে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক সময়ে ইয়েমেনে আল-কায়েদা নেটওয়ার্কের কার্যক্রম বেড়ে যাওয়া এর কারণ বলে মনে করা হচ্ছে। গবেষণায় অন্তর্ভূক্ত ১৫৮টি দেশের মধ্যে মাত্র ৩১টি দেশে ২০০১ সালের পর থেকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে সংজ্ঞায়িত করা যায় এমন কোনো ঘটনা ঘটেছে। এমনকি নিউইয়র্ক ও ওয়াশিংটনে ৯/১১-র ঘটনার পরেও উত্তর আমেরিকা এসময়ের মধ্যে সন্ত্রাসী হামলায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল। উত্তর আমেরিকার চেয়ে ১৯ গুণ বেশি সন্ত্রাসী হামলা হয়েছে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। গত এক দশকে সন্ত্রাসী কার্যক্রম কমেছে এমন দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া ও কলাম্বিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮১৩ঘ.