ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার সকালে মুম্বাইয়ের জাসলক হাসপাতাল থেকে মনীষাকে ছেড়ে দেয়া হয় বলে শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। বুধবার রাতে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসার জন্য মনীষাকে যুক্তরাষ্ট্রে নেয়ার তৎপরতা শুরু হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে।
মনীষার নিকটাত্মীয় মন্দিরা কৈরালার উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, “আমরা যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কোন হাসপাতালে মনীষার চিকিৎসা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
অবশ্য মনীষার অসুস্থতার বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানায় তার পরিবার।এটা ‘ব্যক্তিগত বিষয়’ বলে এড়িয়ে যায় তারা।
৪২ বছর বয়সী এই অভিনেত্রী বুধবার রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়।
মনীষা শনিবারই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হতে পারেন বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।
বৃহস্পতিবার জাসলক হাসপাতালের মুখপাত্র কৃষ্ণকান্ত দেশাম বলেন, হাসপাতালে মনীষার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে।
“শুক্রবার সকাল ৯টায় মনীষাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং তিনি সুস্থ্য আছেন।”
মনীষা এই হাসপাতালের মেডিকেল অনকোলজি (ক্যান্সার চিকিৎসা) বিভাগের পরিচালক ডা. সুরেশ আদভানির অধীনে চিকিৎসাধীন ছিলেন বলে ওই হাসপাতালের একাধিক সূত্র জানায়।
নেপালের প্রভাবশালী পরিবারের মেয়ে মনীষা কৈরালা ১৯৯১ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সওদাগর’। সম্প্রতি রাম গোপাল ভার্মা পরিচালিত ‘ভুত রিটার্নস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭২৯ ঘ.
bdnews24