২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ’র সঙ্গে সহযোগিতার জন্য ইরানকে সময়সীমা

পরমাণু কর্মসূচির জাতিসংঘ তদন্তে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) কে সহযোগিতা করার জন্য ইরানকে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ভিয়েনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু কর্মসূচির জাতিসংঘ তদন্তে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন (আইএইএ) কে সহযোগিতা করার জন্য ইরানকে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে বলে তেহরানকে সতর্ক করে দেয়া হয়েছে। আইএইএ বোর্ডের মার্কিন কূটনীতিক রবার্ট উড বৃহস্পতিবার এ সতর্কবার্তা দেন। ইরানের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিনা- তা খতিয়ে দেখার কাজে ঠিকমতো অগ্রগতি না হওয়ার কারণে ওয়াশিংটনের হতাশা বাড়তে থাকারই আভাস পাওয়া যাচ্ছে এ থেকে। ২০০৬ সালে প্রথম ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হয়। এরপরই ইরানে আরোপিত হয় জাতিসংঘ নিষেধাজ্ঞা। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পরমাণু অস্ত্র তৈরি করা এর লক্ষ্য নয়। কিন্তু পরমাণু কর্মসূচি পরিহার এবং আইএইএ কে পুরোপুরি সহযোগিতা করতে ইরানের অস্বীকৃতির কারণে পশ্চিমারা দেশটির ওপর কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলও ইরানে আগবাড়িয়ে হামলার হুমকি দিয়েছে। এক বছর আগে আইএইএ তাদের প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে ইরানের অতীত পরমাণু কর্মসূচি এবং চলমান পরমাণু গবেষণা কাজে পরমাণু অস্ত্র তৈরির যোগ থাকার কথা জানিয়েছিল। তখন থেকেই আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলো খতিয়ে দেখার চেষ্টা করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে বৈঠকের পর বৈঠক করেও আইএইএ তদন্তের জন্য যা যা দরকার তা এখন পর্যন্ত পায়নি। এ বছর ডিসেম্বরে আবার দুপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে। ঠিক তার আগেই এক বিবৃতিতে আইএইএ বোর্ডের মার্কিন কূটনীতিক জানিয়ে দিলেন, মার্চের মধ্যে ইরান আইএইএ কে প্রকৃতই সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭৩৭ঘ.