২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিতর্কিত সাগরাঞ্চল নিয়ে চীনের পরিকল্পনা উত্তেজনা ছড়াচ্ছে’

-বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী জাহাজের খোঁজে চীনা জাহাজ মোতায়েনের সিদ্ধান্তকে পরিস্থিতির গুরুতর পরিবর্তন বলে অভিহিত করেছেন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর মহাসচিব সুরিন পিতসুয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

জাকার্তা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশকারী জাহাজের খোঁজে চীনা জাহাজ মোতায়েনের সিদ্ধান্তকে পরিস্থিতির গুরুতর পরিবর্তন বলে অভিহিত করেছেন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) এর মহাসচিব সুরিন পিতসুয়ান। শুক্রবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সুরিন বলেন, “এটি বাড়তে থাকা উত্তেজনাকে আরো উস্কে দেবে। এটি পরিস্থিতির গুরুতর পরিবর্তন।” “সীমার মধ্যে থাকার চেষ্টা করা দরকার, সব পক্ষের সব দলের উদ্বেগ শোনার জন্য প্রস্তুত থাকা উচিত,” বলেন তিনি। চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, নতুন আইনানুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের পুলিশ সাগরটির চীনের দাবীকৃত জলসীমায় “অবৈধভাবে অনুপ্রবেশকারী” বিদেশী জাহাজকে আটক করতে বা অন্যপথে চলতে নির্দেশ দিতে পারবে। দক্ষিণ চীন সাগরে প্রচুর তেল ও গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। আশপাশের কয়েকটি দেশ এই সাগরাঞ্চলটির ওপর নিজ নিজ সার্বভৌমত্ব দাবী করে আসছে। এতে এই এলাকাটি এশিয়ার সবচেয়ে বড় সামরিক উত্তেজনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে। প্রায় পুরো সাগরটির মালিকানা দাবী করছে চীন। এছাড়া ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, ব্রুনেই ও মালয়েশিয়া বিভিন্ন এলাকার মালিকানা দাবী করে আসছে। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের সংক্ষিপ্ততম পথটি এই সাগরের মধ্য দিয়ে গিয়েছে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত নৌ-বাণিজ্য পথ। বিশ্বের অর্ধেকেরও বেশি তেলবাহী জাহাজ এ জলপথ দিয়ে যাতায়াত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫০৮ ঘ.