২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সন্তান নীতি বদলাতে চায় চীন

দেশে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় এক সন্তান নীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

বেইজিং, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় এক সন্তান নীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে চীন। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এ দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধির ব্যাপারটি তুলে ধরে একটি প্রস্তাব পেশ করেছে সরকারের এক উপদেষ্টা পরিষদ। চীনের জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের সাবেক প্রধান ঝাং উইকিং বুধবার জানিয়েছেন, নতুন প্রস্তাবনায় শহুরে দম্পতিরা দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি পাবে। বর্তমান আইন অনুযায়ী, বাবা-মা উভয়ের কোন ভাই-বোন না থাকলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারেন। গ্রাম্য দম্পতিদের জন্য এ আইন অনেকটাই শিথিল। তাদের অনেকেরই দুটি সন্তান আছে। চীনের বর্তমান লোকসংখ্যা ১৩৪ কোটি। দেশটির জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৭৯ সালে এক সন্তান নীতি গ্রহণ করে চীন। দেশটিতে গর্ভপাত করানো অবৈধ হলেও কর্মকর্তারা জন্মহার সীমিত রাখার লক্ষ্য অর্জনের জন্য নারীদের গর্ভপাতে বাধ্য করে বলে শোনা যায়। এ বছরের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশে সাত মাসের গর্ভবতী এক নারীকে গর্ভপাতে বাধ্য করে কর্মকর্তারা। এতে চীনের কঠোর পরিবার পরিকল্পনা নীতি সমালোচিত হয়। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ঘ.