২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরজুড়ে মুরসি বিরোধী বিক্ষোভ

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবরাকের পতনের পর বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ মুরসির বিরুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘নব্য স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা’র প্রতিবাদে লাখ লাখ মানুষ এসব সমাবেশে যোগ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কায়রো, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবরাকের পতনের পর বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ মুরসির বিরুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘নব্য স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা’র প্রতিবাদে লাখ লাখ মানুষ এসব সমাবেশে যোগ দিয়েছে। বামপন্থী, উদারপন্থী ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে মঙ্গলবার মিশরজুড়ে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন ডিক্রি জারি করে প্রেসিডেন্ট মুরসির নিরঙ্কুশ ক্ষমতা অধিগ্রহণের বিরোধীতা করে এ প্রতিবাদ সমাবেশের ডাক দেয় তারা। ডিক্রি জারি করে মুরসি নতুন ‘ফারাও’ হতে চাইছেন বলে অভিযোগ করেছে বিরোধীরা। মুবারক বিরোধী আন্দোলনের মতো মঙ্গলবার মুরসি বিরোধী প্রতিবাদ সমাবেশেরও মূল কেন্দ্রবিন্দ্ ুছিল কায়রোর তাহরির স্কয়ার। এখানে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে তরুণ বিক্ষোভকারীরা আর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশও পাল্টা জবাব দিয়েছে। কায়রোর উত্তরের একটি শহরে মুরসির সমর্থকদের সঙ্গে মুরিসি বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কায়রোতে পুলিশের কাঁদুনে গ্যাসে দমবন্ধ হয়ে মারা গেছে ৫২ বছর বয়সী এক বিক্ষোভকারী। গত বৃহস্পতিবার মুরসির ডিক্রি জারি করার পর থেকে সৃষ্ট সহিংসতায় এটি দ্বিতীয় মৃত্যু। এর আগে সরকার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের এক তরুণ কর্মী নিহত হয়েছিল। সাধারণত বিভিন্ন ভাবধারায় বিভক্ত সরকার বিরোধীদের এ সম্মিলিত প্রতিবাদ সমাবেশে সরকার বিরোধীদের শক্তির প্রদর্শনী ঘটেছে যা সংঘর্ষের আড়ালে ঢাকা পড়েনি। এতে পাঁচমাসের শাসনে মুরসি সবচেয়ে বড় বিরোধীতার মুখে পড়েছেন। “জনতা স্বৈরাচারের পতন চায়,” লাখো কন্ঠের শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে তাহরির স্কয়ার। ২০১১ সালে মুবরাক বিরোধী আন্দোলনের সময়ও একই শ্লোগান উচ্চারিত হয়েছিল প্রতিবাদী জনতা কন্ঠে। দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিল আলেকজান্দ্রিয়া, সুয়েজ, মিনা ও নীল নদ তীরবর্তী মিশরের অন্যান্য শহর। নীল তীরবর্তী এল মাহালা এল কুবরা শহরে মুরসির সমর্থক ও বিরোধীরা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ করে, এ সময় কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে প্রায় ২শ’ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো। জুনে মিশরের ইতিহাসে প্রথম আবাধ গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর এটিই মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট। এই সঙ্কটে মিশরের ইসলামপন্থী শাসকদল ও বিরোধীদের গভীর রাজনৈতিক বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশে মিশরের প্রভাবশালী আল আযহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বুদ্ধিজীবীও যোগ দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, মুরসি ও মুসলিম ব্রাদারহুড কিছু উদারপন্থী মুসলিম বুদ্ধিজীবীরও সমর্থন হারাচ্ছেন। সমাবেশে মিশরের সবচেয়ে বড় সংখ্যালঘু খ্রিস্টান স¤প্রদায়ের প্রতিনিধিরাও যোগ দিয়েছিল। এসব বিক্ষোভ প্রতিবাদ সত্বেও ডিক্রিটি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসির মুখ্য সচিব রেফা আল তাথাওয়ি। দেশটির বেসরকারী আল হায়াত টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, “নাগরিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ধর্মঘটের আহ্বান কঠোরভাবে আইন প্রয়োগ করে মোকাবেলা করা হবে আর ডিক্রিটি প্রত্যাহার করা হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫১৭ ঘ.