২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসির বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে কায়রোর তাহরির স্কয়ারে মঙ্গলবার পঞ্চম দিনের মত বিক্ষোভ করেছে জনতা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

কায়রো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে নতুন করে একনায়কত্বের আশঙ্কায় প্রেসিডেন্ট মুরসির জারি করা নতুন ডিক্রির বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। কায়রোর তাহরির স্কয়ারে মঙ্গলবার পঞ্চম দিনের মত বিক্ষোভ করেছে জনতা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। পুলিশের দিকে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের জবাবে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। এতে ৫২ বছর বয়সের এক বিক্ষোভকারী নিহত হয়েছে। মুরসির ডিক্রির বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এ নিয়ে দুই বিক্ষোভকারীর মৃত্যু হল। মঙ্গলবার মিশরের বামপন্থী, উদারপন্থী ও অন্যান্য দলগুলোর ডাকে তাহরির স্কয়ারে বিক্ষোভে জড়ো হয় মানুষ। জুনে মুসলিম ব্রাদারহুডের রাজনীতিকরা নির্বাচিত হওয়ার পর এটিই মিশরে সবচেয়ে বড় সঙ্কট। এর ফলে নতুন ক্ষমতাসীন ইসলামপন্থী ও এর বিরোধীদের মধ্যে বড় ধরনের বিভক্তি তৈরি হচ্ছে। বিকালে বিক্ষোভে আরো লোকসমাগমের ধারণা করা হচ্ছে। বিক্ষোভে অংশ নিতে ইতোমধ্যে স্কয়ারে জড়ো হয়েছে শ’ শ’ মানুষ। তার আগে রাতেই অনেক বিক্ষোভকারী তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ এবং বিক্ষোভকারীদের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াতে নিষেধ করেছে বিক্ষোভের আয়োকজকরা। গত বৃহস্পতিবার নতুন ডিক্রি জারি করে নিজের ক্ষমতার সীমা বৃদ্ধি করেন প্রেসিডেন্ট মুরসি। এই ডিক্রিতে বলা হয়, নতুন পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করা যাবে না। ডিক্রি জারির পরপরই বিরোধীরা তাকে ক্ষমতা অধিগ্রহণ করে আধুনিক ‘ফারাও’ হয়ে উঠছেন বলে অভিযুক্ত করে। ডিক্রিটির প্রতিবাদে এর পর থেকে টানা সহিংস প্রতিবাদ চলতে থাকে। এতে এ পর্যন্ত ২ জন নিহত ও প্রায় ৫শ’ জন আহত হয়েছে। সরকারবিরোধীদের পাশাপাশি দেশটির বিচারকদের সর্বোচ্চ সংগঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও ধর্মঘটের ডাক দেয়। পরে সরকার পক্ষের নমনীয়তায় ধর্মঘট প্রত্যাহার করে। বিচারকরা মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও সরকারবিরোধী দলগুলো ডিক্রিটি বাতিল করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ডিক্রি বাতিলের আরো জোর দাবি জানিয়েছে তারা। মিশরের সরকার বিরোধীরা প্রেসিডেন্ট মুরসিকে নতুন “স্বৈরাচারী” আখ্যায়িত করেছে। জারিকৃত ডিক্রির বিষয়ে পশ্চিমা বিশ্বও উদ্বেগ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৭ঘ.