২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালে উত্তর মেরু পাড়ি দিচ্ছে গ্যাসবাহী ট্যাঙ্কার

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি বৃহৎ ট্যাঙ্কার নরওয়ে থেকে আর্কটিক মহাসাগর পথে জাপানের দিকে রওনা হয়েছে। জাপানে পৌঁছলে শীতকালে আর্কটিক মহাসাগর পাড়ি দেওয়া এ ধরনের প্রথম জাহাজ হবে এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি বৃহৎ ট্যাঙ্কার নরওয়ে থেকে আর্কটিক মহাসাগর পথে জাপানের দিকে রওনা হয়েছে। জাপানে পৌঁছলে শীতকালে আর্কটিক মহাসাগর পাড়ি দেওয়া এ ধরনের প্রথম জাহাজ হবে এটি। ‘ওব রিভার’ নামের এই ট্যাঙ্কারটি ৭ নভেম্বর নরওয়ের উত্তরাঞ্চলীয় বন্দর হ্যামারফেস্ট থেকে রওনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। ওব রিভার রাশিয়ার উত্তর উপকূলের আর্কটিক মহাসাগর পাড়ি দিয়ে ডিসেম্বরের প্রথম দিকে জাপান পৌঁছাবে। সুয়েজ খাল ধরে জাপান যাওয়া সচরাচর পথের চেয়ে এ যাত্রায় ২০ দিন কম লাগবে। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর (আর্কটিক মহাসাগর) বরফ গলনের হার বেড়ে যাওয়ায় উত্তরের এ পথটি উন্মুক্ত হয়েছে। তবে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তনশীল আন্তর্জাতিক বাজারও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে তারা। ১৫ লাখ কিউবিক মিটার তরল গ্যাস বহন করার ক্ষমতাসম্পন্ন ওব রিভার নরওয়ের হ্যামারফেস্ট থেকে এলএনজি লোড করে। এর ট্যাঙ্কারটি ব্যারেন্ট সাগর পথে জাপানের দিকে রওনা হয়। যাত্রাপথের অধিকাংশ সময় ওব রিভারের সঙ্গে পারমাণবিক শক্তিচালিত একটি রুশ বরফভাঙা জাহাজ সঙ্গ দেবে। জাহাজটিতে ৪০ জন আন্তর্জাতিক ক্রু আছেন বলে জানিয়েছে জাহাজটির গ্রিক মালিকপক্ষ ডায়নাগ্যাস। ডায়নাগ্যাস থেকে রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রোম জাহাজটি ভাড়া নিয়েছে। আর্কটিক মহাসাগর পথে জাপান যাত্রাকে একটি আসাধারণ রোমাঞ্চকর অভিযান বলে বর্ণনা করেছেন ডায়নাগ্যাসের বাণিজ্যিক বিভাগের পরিচালক টনি লাউরিটজেন। “পথে জাহাজের নাবিকরা মেরু ভালুক দেখতে পাচ্ছেন। এই যাত্রার জন্য আমার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি। সবকিছু বেশ ভালো ভাবেই চলছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.