২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হাতে বন্দি আফগানদের মুক্তি চান কারজাই

যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা সব আফগান বন্দির মুক্তি দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কাবুল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা সব আফগান বন্দির মুক্তি দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এছাড়া মার্কিনদের হাতে আটক আফগানদের ব্যাপারে চুক্তির বরখেলাপ করা হয়েছে এমন অভিযোগ করে বন্দিদের আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবি করেছেন তিনি। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে ‘জরুরি পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। ২০১৪ সালে আফগানিস্তান থেকে বেশিরভাগ মার্কিন সেনা চলে যাওয়ার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বিষয়ে দুই দেশের দ্বিপাক্ষীয় আলোচনা শুরুর কয়েকদিনের মধ্যেই এ বিবৃতি দিলেন কারজাই। বিবৃতিতে কারজাই দাবি করেন, আফগানিস্তানে অবস্থিত বাগরাম কারাগার আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর সংক্রান্ত চুক্তি লংঘন করা হয়েছে। সম্প্রতি বাগরাম কারাগার পরিদর্শন করে আসা প্রতিরক্ষা, পুলিশ ও আইন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ বিবৃতি দিলেন কারজাই। বিবৃতিতে ‘আফগানিস্তানে প্রযোজ্য আইন অনুযায়ী সব বন্দিকে মুক্তি দেয়ার জন্য’ কার্যকর পদক্ষেপ নিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর আটককৃত সব বন্দিকে আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার দাবিও জানানো হয়। গত ১০ সেপ্টেম্বরের মধ্যে উচ্চ নিরাপত্তাবিশিষ্ট বাগরাম কারাগার এবং সেখানে আটক প্রায় তিন হাজার তালেবান যোদ্ধাদের আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা ছিলো যুক্তরাষ্ট্রের। ছয় মাস ধরে চলতে থাকা এ প্রক্রিয়ায় প্রয়োজনে আরো দু’মাস সময় দেয়ার কথা বলা হয়েছিল চুক্তিতে। তবে গত সোমবার প্রেসিডেন্ট কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি জানান, আফগান আদালত থেকে মুক্তির অনুমতি পাওয়ার পরও ৭০ জনের বেশি বন্দিকে এখনো অন্যায়ভাবে আটকে রেখেছে মার্কিন কর্তৃপক্ষ। বাগরাম কারাগারে বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এজন্য কিউবার গুয়ানতানামো ও ইরাকের আবু গারিব বন্দিশিবিরের সঙ্গে তুলনাও করা হয়ে থাকে এ কারাগারটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৫২ঘ.