নয়া দিল্লি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ ইস্যুতে বৃহস্পতিবার মনমোহনের সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা প্রয়োজনীয় সমর্থনের অভাবে ব্যর্থ হয়েছে।
পশ্চিমবঙ্গের নেত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস (টিএমসি) গত সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার শরিক দল ছিল।
বৃহস্পতিবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে মমতার দল অনাস্থা প্রস্তাব উত্থাপনের চেষ্টা নেয়। কিন্তু প্রয়োজনীয় ৫০ সদস্যের সমর্থন না মেলায় প্রস্তাবটি তুলতে দেননি স্পিকার মীরা কুমার।
পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা সুদীপ বন্দ্যোপাদ্যায়ের ওই প্রস্তাবে সমর্থন দেয় উড়িষ্যার বিজু জনতা দল (বিজেডি)।
কিন্তু টিএমসি’র ১৮ জন ও বিজেডি’র ৩ জন মিলে মোট সমর্থন দাঁড়ায় ২১ সদস্যের। ফলে প্রয়োজনীয় ৫০ সদস্যের সমর্থনের অভাবে ব্যর্থ হয় বর্তমান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি।
কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার খুচরা বাজারে ৫১ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মমতা বলছেন, এ সিদ্ধান্তে দেশের লাখ লাখ খুচরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ইস্যুতে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তার দল তৃণমূল কংগ্রেস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৭ঘ.
bdnews24