ইসলামাবাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান হামলাকারীর গুলিতে আহত পাকিস্তানি স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের বিরুদ্ধে ‘দখলদার মার্কিন বাহিনী’কে সমর্থন করার অভিযোগ এনেছে যুক্তরাজ্যভিত্তিক একটি ইসলামী সংগঠন।
মালালার বিরুদ্ধে এ সংক্রান্ত একটি ফতোয়া জারি করার উদ্দেশ্যে ইসলামাবাদ সফর করার পরিকল্পনাও করছে সংগঠনটি।
পাকিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত সোয়াত অঞ্চলে মেয়েদের শিক্ষায় বাঁধা দেয়ার বিরুদ্ধে লেখালেখি করায় গত অক্টোবরে গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী মালালা। এরপর দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠায় তার বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হলে তা আবার বিশ্বজুড়ে ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে।
শরিয়া ফর পাকিস্তান নামের এ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্য আবু বারা বলেন, ‘মালালার বক্তব্য, তার আহত হওয়ার ঘটনা ইত্যাদি সবকিছুতেই মার্কিন বাহিনীর পক্ষ নেয়া এবং ইসলামের মূল প্রতীক হিজাব ও জিহাদকে তাচ্ছিল্য করা হয়েছে। এসব বক্তব্য নিয়েই এ ফতোয়াটি জারি করা হবে।’
সংগঠনটির ওয়েবসাইটে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন মালালার একটি ছবি প্রকাশিত হয়েছে যার নিচে লেখা রয়েছে, মালালা ইউসুফজাইয়ের জন্য মায়াকান্নায় বিশ্বাস করবেন না।
যুক্তরাজ্যের মৌলবাদী ইমাম আনজাম চৌধুরী জানান, পাকিস্তানের বিখ্যাত লাল মসজিদে আগামী ৩০ নভেম্বর এ ফতোয়া জারি করা হতে পারে। তবে ফতোয়ায় মালালার কোনো শাস্তির উল্লেখ থাকবে কি না তা জানানো হয়নি।
তবে লাল মসজিদের উপপ্রধান মাওলানা আমির সিদ্দিকি এ ধরনের কোনো বৈঠকের কথা অস্বীকার করেছেন। ২০০৭ সালে পাকিস্তানে তালেবান কার্যক্রম নিয়ন্ত্রণে এ মসজিদে সেনা অভিযান চালানো হয়।
ইমাম আনজাম বলেন, ‘ব্যাপারটি এমন না যে আমরা তলোয়ার নিয়ে মালালাকে হত্যা করতে ছুটবো। তবে মালালার পুরো ঘটনায় মার্কিন ও ব্রিটিশ স্বার্থ রক্ষায় পাকিস্তানিদের ভূমিকার বিস্তৃত রূপ প্রকাশ পেয়েছে।’
‘মুসলমানরা শিক্ষায় বিশ্বাস করে না-এটি একটি আজগুবি ধারণা’, বলেন ইমাম আনজাম।
ইতোমধ্যে মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার আবেদন জানিয়েছে কয়েক লাখ ব্রিটিশ নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩২ ঘ.
bdnews24