গাজা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি বন্ধে রাজি হয়েছে গাজা-ইসরায়েল। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
কায়রো থেকে হামাস কর্মকর্তা আয়মান তাহা একথা জানিয়েছেন। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
আয়মান তাহা জানিয়েছেন, “শান্তি ফেরাতে একটি চুক্তি হয়েছে। রাত ৯ টায় যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর মধ্যরাত থেকে তা কার্যকর হবে।”
এর আগে এক খবরে মঙ্গলবার দিনশেষেই হামলা বন্ধ হওয়ার আশ্বাস দিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
মেনা বার্তা সংস্থা এবং মিশরের রাষ্ট্রীয় টিভি তাদের প্রতিবেদনে জানায়, “প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এক ঘোষণায় বলেন, গাজায় ইসরায়েলের নাটকীয় আগ্রাসনের সমাপ্তি ঘটবে মঙ্গলবারই।”
গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করানোর চেষ্টা চালায় মিশর। কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সুযোগ করে দিতে ইসরায়েল গাজায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা স্থগিত ঘোষণার পর মুরসি শিগগিরিই সেখানে হামলা বন্ধে ওই আশার কথা শোনান।
মিশরের যুদ্ধবিরতি পরিকল্পনা জানা যায়নি। তবে হামাস এবং ইসরায়েল উভয়ই শর্তারোপ করেছে বলে জানা যায়।
ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত হিসাবে গাজা থেকে রকেট হামলা বন্ধের দাবি জানায়। অন্যদিকে, হামাস গাজায় ইসরায়েলি অবরোধ তুলে নেয়া এবং হত্যাযজ্ঞ বন্ধের শর্ত দেয় বলে জানানো হয় খবরে।
গত বুধবার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার প্রধানকে হত্যা করার পর গত ছয়দিন ধরে দুপক্ষে পাল্টাপার্ল্টি হামলা চলছে।
এতে এ পর্যন্ত ১১০ জনেরও বেশি ফিলিস্তিনি ও ৩ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশত। তবে কয়েকদিনের চলমান হামলার মধ্যে মঙ্গলবার সহিংসতার মাত্রা কিছুটা কম ছিল বলে জানিয়েছেন সংবাদদাতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২৩০০ঘ.
bdnews24