ইসলামাবাদ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে ধর্ম বিদ্বেষের অভিযোগে খ্রিস্টান বালিকা রিমশা মাসিহের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছে আদালত।
গত অগাস্টে ১৪ বছর বয়সী রিমশাকে কোরানের পাতা পোড়ানোর অভিযোগে ইসলামাবাদে গ্রেপ্তার করা হয়।
তবে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে রিমশার ব্যাগে কোরানের পোড়ানো পাতা ঢুকিয়ে দেয়ার অভিযোগে সেপ্টেম্বরে গ্রেপ্তার হন এক ইমাম।
ওই মাসেই রিমশার জামিন মঞ্জুর করে নিরাপত্তার কারণে তাকে অজ্ঞাত অবস্থানে নিয়ে যাওয়া হয়।
রিমশার আইনজীবী তাহির নাভিদ জানান, তাকে কেউ কোরানের পাতা পোড়াতে দেখেনি এমন প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।
বয়সের তুলনায় মানসিক বৃদ্ধি কম হওয়া রিমশাকে গ্রেপ্তারের পরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পাকিস্তানের আইন অনুযায়ী তার মৃত্যুদ-ও হতে পারত।
১৯৯০ সালের পর থেকে ধর্মবিরোধী ব্লাসফেমি আইনে পাকিস্তানে অন্তত ৫২ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭২১ঘ.
bdnews24