ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি হামাস গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সুযোগ করে দিতে গাজায় স্থল অভিযানের পরিকল্পনা ‘স্থগিত’ রেখেছে ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে প্রতিবেশী মিশর।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা মিশরের রাজধানী কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ফলপ্রসূ আলোচনার জন্য সদিচ্ছা দেখাতেই গাজায় স্থল অভিযান ‘স্থগিত’ করেছে ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গাজায় যে কোনো ধরনের সম্ভাব্য স্থল অভিযান স্থগিত রাখা হবে।
মিশরের কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে ইসরায়েল আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বরাদ্দ করেছে। ওইদিন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাবেন ইসরায়েলি কর্মকর্তারা।
লড়াই বন্ধে বিবাদমান দুইপক্ষের কাছেই একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে মিশরীয় কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত মিশরীয় প্রস্তাব নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক চলছিল।
মন্ত্রিসভার সিদ্ধান্তনুযায়ী কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা শুরু করার অপেক্ষায় আছেন ইসরায়েলি কর্মকর্তারা।
গত বুধবার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার প্রধানকে হত্যা করলে গত ছয়দিন ধরে চলা এই পাল্টাপার্ল্টি হামলা শুরু হয়।
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধ করতে হামাসের সামরিক প্রধানকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েল।
কিন্তু এতে রকেট হামলা বন্ধ না হয়ে আরো বেড়ে যায়। আর প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল।
এসব হামলা- পাল্টাহামলায় এ পর্যন্ত ১১০ জন ফিলিস্তিনি ও ৩ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশত।
স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে ১৬ হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানোর পর আরো ৭৫ হাজার সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১১ঘ.
bdnews24