২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মিয়ানমার সফর: হোয়াইট হাউসের নতুন অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর হোয়াইট হাউসের জন্য এক নতুন অভিজ্ঞতার বিষয় হয়েছে। এখানে ওবামা খালি পায়ে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর হোয়াইট হাউসের জন্য এক নতুন অভিজ্ঞতার বিষয় হয়েছে। এখানে ওবামা খালি পায়ে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করেছেন। পাশাপাশি পশ্চিমাবিশ্বে ‘বার্মা’ বলে পরিচিত দেশকে ‘মিয়ানমার’ বলার মধ্যদিয়ে দেশটির নতুন সরকারকে খুশি করলেও একঅর্থে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত লঙ্ঘণ করেছেন তিনি। সোমবার মাত্র ছয় ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে মিয়ানমার যান ওবামা। এটি ছিল যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। মাত্র ছয় ঘণ্টার সফর হলেও কয়েকমাস ধরে খুব সতর্কভাবে সফরটির পরিকল্পনা করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্টের আন্তর্জাতিক রাজনীতিতে সাফল্যের জন্যই এ সতর্কতার ব্যবস্থা, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে তার বড় কোনো সাফল্য নেই। সফরে দীর্ঘদিন সামরিক শাসনে থাকা মিয়ানমারের প্রথম বেসামরিক প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গে ওবামার কূটনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর প্রথম বৈঠক হয়, বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির সঙ্গে সফল বৈঠক ও মিয়ানমারের ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন তিনি। দীর্ঘদিন সামরিক শাসনে থাকা গণতান্ত্রিক অভিজ্ঞতাহীন একটি দেশ যাদের বিরুদ্ধে কিছুদিন আগেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র, সেই দেশের প্রধান শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে উপস্থিত হওয়া উৎফুল্ল লোকজনও অবাক করেছিল ওবামা ও তার সফরসঙ্গীদের। সফর পরিকল্পনায় না থাকলেও ইয়াঙ্গুনের এসেই বিখ্যাত শুয়িডাগন প্যাগোডা পরিদর্শন করতে যান ওবামা। সেখানে তিনি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অন্যান্য সব সফরসঙ্গীরা বৌদ্ধ ঐতিহ্যকে সম্মান জানাতে খালি পায়ে মন্দিরে প্রবেশ করেন। এমনকি ওবামার নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীর সদস্যরাও মোজাবিহীন খালি পায়ে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করায় ব্যস্ত থাকেন, তারা তাদের যোগাযোগ মাধ্যমগুলোতেও কথা বলছিলেন নিচু স্বরে। এরপর ওবামা মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী সু চির বাসভবনে যান। সেখানে সু চির সঙ্গে আন্তরিক পরিবেশে বৈঠকে মিলিত হন। কিন্তু বৈঠক শেষের সংবাদ সম্মেলনে সবাইকে বিস্মিত করে ওবামা অন্তত দুই বার ভুল উচ্চারণে সু চির নাম বলেন। এ সময় সামরিক সরকারের বিরুদ্ধে সু চির বীরোচিত সংগ্রামের প্রশংসা করেন। সংবাদ সম্মেলন শেষে সু চিকে জড়িয়ে ধরে চুম্বন করে আরেকবার সবাইকে বিস্মিত করেন ওবামা। এ সময় সু চিকে খানিক অস্বস্থিবোধ করতেও দেখা গেছে। এছাড়া মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের একান্ত বৈঠকের সময়ও মিয়ানমার শব্দটি উচ্চারণ করেন তিনি। দুই বছর আগে সামরিক সরকার ঔপনিবেশিক আমলে দেয়া বার্মার নাম পাল্টে ‘মিয়ানমার’ রাখলেও যুক্তরাষ্ট্র সরকার তার স্বীকৃতি দেয়নি। অবশ্য ওবামার ‘মিয়ানমার’ উচ্চারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিয়ানমারের উচ্চপদস্থ সরকারি আমলারা। ওবামার সফরসঙ্গী বেন রোডসের দাবি “কূটনৈতিক সৌজন্য” প্রকাশ করার জন্যই ‘মিয়ানমার’ নামটি উচ্চারণ করেছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৭ ঘ.