ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের বিজিই শহরে বড় একটি ডাস্টবিনের ভিতর পাঁচটি পথশিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার এ ঘটনা ঘটেছে বলে চায়না ডেইলির ওয়েবসাইট সূত্রে জানিয়েছে বিবিসি অনলাইন।
মৃত শিশুদের সবার বয়স ১০ বছরের মধ্যে।
ডাস্টবিনটির ভিতর মৃত শিশুদের পাশে পোড়া কাঠকয়লা পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে শিশুগুলো ওই ডাস্টবিনে ঢুকে আগুন জ্বালিয়ে নিজেদের গরম রাখার চেষ্টা করছিল।
এই ঘটনায় ক্ষিপ্ত মানুষেরা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
অনেকেই এ ঘটনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন আর অন্যান্যরা শিশুগুলোর অভিভাবকদের দায়ী করেছেন।
মৃত শিশুদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, বাকী দুইজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24