২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে আমদানি নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

দীর্ঘ সেনা শাসনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ও রাজনৈতিক সংস্কারকে উৎসাহিত করার অংশ হিসেবেই দেশটিতে সফর করছেন ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে মিয়ানমার থেকে আমদানি নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সা¤প্রতিক রাজনৈতিক সংস্কারকে উৎসাহিত করতে এবং মিয়ানমারের জন্য নতুন দ্বিপাক্ষিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। মিয়ানমারে ওবামার সফর হবে দেশটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। সোমবার মিয়ানমারে সফরে যাচ্ছেন ওবামা। তবে মিয়ানমার থেকে মূল্যবান কিছু পাথর আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বজায় থাকবে। দেশটি জেড ও রুবি পাথরের জন্য প্রসিদ্ধ। মিয়ানমারের ক্ষমতাবান সেনা বাহিনীর গুরুত্বপূর্ণ আর্থিক উৎস ছিল এই মূল্যবান পাথর। এ ছাড়া এই পাথর শিল্পে মানবাধিকার লঙ্ঘণের ঘটনাও গভীর উদ্বেগের বিষয়। মিয়ানমার সফরের পাশাপাশি ওবামা থাইল্যান্ড এবং কম্বোডিয়াও সফর করবেন। সফরকালে ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন ও বিরোধীদলীয় নেতা অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন। থিয়েন সিয়েন ও অং সান সুচি চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন। দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে ওবামার প্রথম বিদেশ সফর। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নেই জানিয়েছেন, সফরকালে ওবামা সুশীল সমাজের উদ্দেশে মিয়ানমারের চলমান গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে উৎসাহিত করে বক্তব্য রাখবেন। তবে দেশটিতে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে সা¤প্রতিক সময়ে জাতিগত ও সা¤প্রদায়িক দাঙ্গার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। সফরকালে এ সমস্যা সমাধানে ওবামা মিয়ানমারকে চাপ দেবেন বলেও জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করে। দীর্ঘ সেনা শাসনের পর ২০১০ সালের নভেম্বরে এক নির্বাচনের মাধ্যমে মিয়ানমার গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে আসে। ২০১১ সালের মার্চ থেকে দেশটিতে আবার গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়। তখন থেকেই দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক রাজবন্দিকেও মুক্তি দেওয়া হয়। গণমাধ্যমের ওপর থেকেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার সফর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৩ ঘ.