নিউ অরলিনস/ওয়াশিংটন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের ঘটনায় ৪৫০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হবে ব্রিটিশ পেট্রোলিয়ামকে (বিপি)।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের এ জরিমানাতে ১২৫ কোটি ৬০ লাখ ডলার অপরাধ জরিমানাও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ঘটনায় বিপি’র দুই শীর্ষস্থানীয় কর্মকর্তাকে হত্যাসহ ২৩টি অপরাধে অভিযুক্তও করা হয়েছে।
এছাড়া পাঁচ বছরের নিষেধাজ্ঞাসহ আগামী চার বছর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নীতি বিষয়ক দু’টি পৃথক পর্যবেক্ষণের অধীনে থাকবে প্রতিষ্ঠানটি।
তবে এ জরিমানা দেয়ার ফলে যুক্তরাষ্ট্র ও এর ঊপকূলীয় রাজ্যগুলোর জনগণের পক্ষ থেকে করা মামলাগুলোর নিষ্পত্তি হবে না বলে জানানো হয়েছে।
২০১০ সালের এপ্রিল মাসে মেক্সিকো উপসাগরে ব্রিট্রিশ পেট্রোলিয়ামের একটি তেলকূপ বিস্ফোরিত হলে ১১ জন কর্মী নিহত হয়। ঊপকূল থেকে মাত্র ১ দশমিক ৬ কিলোমিটার দূরে অবস্থিত কূপটি বিস্ফোরিত হওয়ার পরে ৮৭ দিনেরও বেশি সময় ধরে অন্তত ৪৯ লাখ ব্যারেল তেল টেক্সাস থেকে ফ্লোরিডা পর্যন্ত সমুদ্রের পানিতে মিশে যায়। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।
ব্রিট্রিশ পেট্রোলিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের মৃত্যু, মার্কিন কংগ্রেসের কাজে বাঁধা দেওয়া ও দুটি বেআইনি কাজের ঘটনাসহ ১১টি গুরুতর অপরাধের দায় স্বীকার করছে প্রতিষ্ঠানটি।
বিপি আরো জানায়, আগামী ছয় বছরের মধ্যে তাদের এ জরিমানা পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক ব্যবস্থা থেকেই এটি পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে এ দুর্ঘটনার ক্ষতি পুষিয়ে নিতে ৩৫০ কোটি ডলারের সম্পদ বিক্রি এবং ঊপকূল ও সমুদ্রের পানি থেকে তেল পরিষ্কার করার কাজে আরো ২৩০ কোটি ডলার ব্যয় করেছে বিপি। আরো ১২০ কোটি ডলার তহবিলে জমা দেয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
২০১০ সালে মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের পর থেকে নিঃসৃত তেলে লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা ও ফ্লোরিডা রাজ্যের বিস্তীর্ণ উপকূলে সামুদ্রিক প্রাণীজগত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে মৎস চাষ ও বন্যপ্রাণীজগত ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১৮ ঘ.
bdnews24