২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসে শোভাযাত্রায় ট্রেন, নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ষীয়ান পঙ্গুদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি শোভাযাত্রায় মালবাহী ট্রেন উঠে গেলে অন্ততপক্ষে ৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 04:32 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ষীয়ান পঙ্গুদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি শোভাযাত্রায় মালবাহী ট্রেন উঠে গেলে অন্ততপক্ষে ৪ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। টেক্সাসের মিডল্যান্ড শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শোভাযাত্রায় বর্ষীয়ান পঙ্গু ও তাদের স্ত্রীরাও ছিলেন। তারা শোভাযাত্রা করে তাদের জন্য আয়োজিত খাবার স্থলের দিকে যাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার নুডসন জানিয়েছেন, তার সংস্থা এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, শোভাযাত্রার পথে একটি রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। “রেলক্রসিং পার হওয়ার সময় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা যখন দেখতে পায় ট্রেনটি তাদের ওপর উঠে আসছে তখন আতঙ্কে যে যার মতো আশপাশে লাফিয়ে পড়ে”, বলেন নিকটবর্তী ট্রাফিক লাইটে অপেক্ষমান প্যাট্রিসিয়া হওল। তিনি বলেন, “আমি আমার মুখ ঢেকে ফেলেছিলাম, কেননা এই দৃশ্য আমি দেখতে চাইনি।” তবে কর্মকর্তারা জানিয়েছেন, শোভাযাত্রায় ট্রেনটি উঠে যাওয়ার আগে হর্ন বাজিয়ে সতর্ক করেছিল। কর্মকর্তারা আরো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় রেলক্রসিং-এর গেট ও বাতিগুলোও যথাযথভাবে কাজ করেছিল। এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে এর পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৭ ঘ.