ব্রাসেলস, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ঋণ সঙ্কট জর্জরিত ইউরোজোন আবারো অর্থনৈতিক মন্দাদশায় পড়েছে।
ঋণসঙ্কটের কারণে চাহিদা কমে অর্থনীতিতে নতুন করে মন্দা দেখা দিয়েছে। ১৭ টি দেশের এ ইউরোজোনের অর্থনীতি জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে ০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগের তিনমাসে যা ছিল ০ দশমিক ২ শতাংশ।
ফলে জার্মানি এবং ফ্রান্সে মাঝারি ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও ২০০৯ সালের পর এ বছর তৃতীয় প্রান্তিকে দ্বিতীয়বরের মতো মন্দায় পড়েছে ইউরোজোন।
ইউরোপজুড়ে কৃচ্ছ্র বিরোধী বিক্ষোভের মধ্যে ইউরোজোনে মন্দার এ খবর এল।
ইউরোপীয় ইউনিয়নজুড়ে ব্যয় কাটছাঁট, কর বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকরা বুধবার দফায় দফায় বিক্ষোভ-ধর্মঘট করেছে।
এ কৃচ্ছ্র কর্মসূচির ফলে জনগণের দুর্ভোগ বেড়ে যাওয়াসহ এ অঞ্চলের অর্থনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হওয়াতেই এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে ট্রেড ইউনিয়নগুলো।
স্পেন ও পর্তুগালে সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়ে পরিবহন ব্যবস্থা, কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান।
স্পেনে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। অবনতিশীল অর্থনীতির কারণে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এছাড়া, গ্রিস, ইতালি ও বেলজিয়ামেও ঢিমেতালে ধর্মঘট পাালিত হয়েছে।
স্যাক্সো ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ স্টিন জ্যাকবসন বলেছেন, “এ মন্দা অপ্রত্যাশিত ছিল না। কারণ, বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথগতির সঙ্গে সঙ্গে কৃচ্ছ্র নীতি এবং জার্মানি ও নেদারল্যান্ডে অর্থনৈতিক কর্মকা- নাটকীয়ভাবে কমে আসায় আবারো এমন মন্দাদশার আশঙ্কা ছিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৪ঘ.
bdnews24