বেইজিং, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের কমিউনিস্ট পার্টির নতুন প্রধান হিসাবে ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে, যার নেতৃত্বে আগামী এক দশক পরিচালিত হবে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশ।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বৈঠকে পলিটব্যুরোর ২৪ জন সদস্য এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটি নির্বাচন করেন।
পলিটব্যুরোর এই স্ট্যান্ডিং কমিটির সদস্যরাই আগামী দিনগুলোতে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক গতিপথ ঠিক করে দেবেন। এবার এই কমিটির সদস্য সংখ্যা দুই জন কমিয়ে সাতে নামিয়ে আনা হয়েছে।
শি জিনপিং ছাড়াও কমিটিতে আছেন লি কুহচিয়াং, জাং দুহজিয়াং, ভু জাংশাং, লিও ভুয়েনশান, ওয়াং চিশান ও জাং গাওলি।
নতুন সেক্রেটারি শি জিনপিং বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরী হচ্ছেন। নতুন দায়িত্বে তিনি সঙ্গী হিসাবে পাচ্ছেন লি কুহচিয়াং, যিনি উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
আগামী মার্চে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে চীনের নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে দেখা যাবে।
বৃহস্পতিবার সকালে নতুন কমিটি ঘোষণার পর সদস্যরা সারি বেঁধে সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে চীনের আগামী দিনের শীর্ষ নেতাদের পরিচয় করিয়ে দেন দলের নতুন প্রধান শি জিনপিং।
তিনি বলেন, “জনগণের সেবায় আমাদের পার্টি নিবেদিত। এ দলের নেতৃত্বে চীনের জনগণ বিশ্বনন্দিত অনেক কৃতিত্ব অর্জন করেছে- যেগুলো নিয়ে গর্বিত হওয়ার সব কারণই আমাদের রয়েছে। তবে আমরা এতেই খুশি থাকব না।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রত্যয় জানিয়ে জিনপিং বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। পার্টির ভেতরে দুর্নীতিসহ আমলাতান্ত্রিকতা বাড়তে দিলে জনগণের কাছ থেকে দূরে সরে যেতে হবে আমাদের।”
নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে বুধবার চীনের একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেস শেষ হয়। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে দুই হাজার ২৭০ জন প্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করেন কেন্দ্রীয় কমিটির প্রায় ২০০ সদস্যকে।
এই কংগ্রেসে সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রায় ১৭০ জন সদস্যও নির্বাচিত হন। এছাড়া সপ্তদশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রতিবেদন এবং কমিউনিস্ট পার্টির সংবিধানের সংশোধনীও অনুমোদন পায় এই কংগ্রেসে।
সমাপনী অধিবেশনে বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, “কংগ্রেসের মধ্য দিয়ে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে এবং সেখানে প্রবীণদের জায়গায় তরুণরা এসেছেন।”
এই কংগ্রেসে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো ‘চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রকে’ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শি জিংপিং
৬৯ বছর বয়সী শি জিংপিং ১৯৫৩ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা শি জংশুন এক সময় চীনের উপ প্রধানমন্ত্রী ছিলেন। তবে ‘বিতর্কিত রাজনৈতিক ভূমিকার’ কারণে তাকে বরখাস্ত হতে হয়।
চীনের অন্যান্য ‘মেধাবী’ তরুণদের মতো জিনপিংকেও ১৫ বছর বয়সে একটি প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেয়া হয় সাত বছরের জন্য। কিশোর বয়সেই নিজের সততা ও একনিষ্ঠ চরিত্রের জন্য গ্রামের সবার প্রিয়পাত্র হয়ে ওঠেন তিনি।
পরে বেইজিংয়ের শিনগুয়া বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন জিনপিং। বাবার রাজনৈতিক ইতিহাসের কারণে তার কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়ার আবেদন বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হয়। অবশেষে ১৯৭৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি।
তরুণ বয়সে ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে কাজ করেন জিংপিং। ২০০৭ সালে সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান চেন লিয়ানগিউ দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলে তার স্থলাভিষিক্ত হন তিনি। ২০০৮ সালে পার্টির স্ট্যান্ডিং কমিটিতে নির্বাচিত হওয়ার পর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক ও মুক্তবাজার অর্থনীতি বিষয়ক পুনর্গঠনের পক্ষে অবস্থানের কারণে ‘ভবিষ্যত প্রেসিডেন্ট’ হিসেবেও তার নাম আসছিল বেশ কয়েক বছর ধরে।
১৯৮৭ সালে চীনের জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা পেং লিউয়ানকে বিয়ে করেন জি জিনপিং। তাদের একমাত্র মেয়ে বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
লি কুহচিয়াং
১৯৫৫ সালে আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেন লি কুহচিয়াং। তরুণ বয়সেই কমিউনিস্ট ইয়ুথ লিগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করা কেশিয়াং পরবর্তীতে হেনান প্রদেশের গভর্নর হন।
তার বাবা স্থানীয় রাজনীতিতে মনোনিবেশ করার পরামর্শ দিলেও তিনি তার বদলে বেইজিংয়ে চলে আসেন। ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আইন বিষয় নিয়ে।
১৯৯৮ সালে হেনান প্রদেশে পার্টির ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হন লি কুহচিয়াং। পরের বছরই চীনের সর্বকনিষ্ঠ গভর্নর হিসেবে হেনান প্রদেশের গভর্নর নিযুক্ত হন।
গভর্নর থাকাকালে বেশকিছু বড় দুর্ঘটনা ও দুর্যোগের মুখোমুখি হন কুহচিয়াং। তবে হেনান প্রদেশের অর্থনীতির উন্নয়ন এবং রাষ্ট্রায়াত্ব শিল্প কারখানাগুলোর পুনর্গঠনের কাজের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন।
দেশের নিম্নবিত্ত মানুষের মধ্যে এই কমিউনিস্ট নেতা পরিচিত ‘সহানুভূতিশীল’ হিসাবে। তবে সমালোচকরা মনে করেন, তার এই ‘সহজ’ আচরণ বিশ্বে চীনের অর্থনৈতিক আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৩২৪ ঘ.
bdnews24