ইসলামাবাদ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বন্দি কয়েকজন আফগান তালেবান জঙ্গিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসলামাবাদ।
দু’দেশের পুনর্মিত্রতায় এ পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করবে এবং আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সিদ্ধান্ত তারই ইঙ্গিত বলে মন্তব্য করেছেন উভয় দেশের কর্মকর্তারা।
ইসলামাবাদে আফগান শান্তি আলোচকদের সঙ্গে এক বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
যাদের মুক্তি দেয়া হবে তাদের মধ্যে সাবেক বিচার মন্ত্রী মোল্ল¬াহ নুরুদ্দিন তুরাবি, তালেবান নেতা মোল্ল¬া মোহাম্মদ ওমরের সাবেক সচিব এবং একজন সাবেক প্রতিমন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের উচ্চ পর্যায়ের শান্তি পরিষদ।
তবে আটক থাকা আফগান তালেবান বাহিনীর দ্বিতীয় প্রধান মোল¬া আব্দুল ঘানি বারাদারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান। শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবের মনে করে আফগান কর্তৃপক্ষ।
পাকিস্তানে আটক তালেবান নেতারা শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ বলে তাদের হস্তান্তরের জন্য দীর্ঘদিন ধরেই অনুরোধ করে আসছিলো আফগানিস্তান।
ফলে পাকিস্তানের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে আফগান কর্তৃপক্ষ। এছাড়া আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সমর্থন রয়েছে তা প্রমাণ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা।
আফগানিস্তানে তালেবান বাহিনীর বিরুদ্ধেদশ বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটোবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/বিসিএস/১৮২২ঘ.
bdnews24