২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসরায়েলের

গাজা থেকে ফিলিস্তিনি রকেট হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

জেরুজালেম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা থেকে ফিলিস্তিনি রকেট হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সোমবার ফিলিস্তিনি গেরিলাদের ছোড়া একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানার পর ইসরায়েল এ সতর্ক বার্তা দিল। রকেটটি নেইভত শহরে গিয়ে পড়ে। এতে কেউ হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দুপক্ষের মধ্যে তিনদিনের লড়াইয়ের পর শান্ত হয়ে আসা পরিস্থিতিতে বিঘœ সৃষ্টি করেছে এ রকেট হামলা। ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সাম্প্রতিক ওই লড়াইয়ে নিহত হয়েছে ৪ বেসামরিক নাগরিকসহ ৬ ফিলিস্তিনি, আহত হয়েছে ৪০ জন। সীমান্তপারের হামলায় আহত হয়েছে ৮ ইসরায়েলিও। ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী মোসে ইয়ালুন সেনা বেতারে বলেন, “আমাদের পুরো বাক্স ভর্তি হাতিয়ার আছে... যেগুলো আমরা এখনো ব্যবহার করিনি। হামাস রকেট হামলা বন্ধ না করা পর্যন্ত আমাদেরকে কঠোর পাল্টা হামলা চালিয়ে যেতে হবে।” গাজার ক্ষমতায় রয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো ফিলিস্তিনি গেরিলা দল হামাস। তবে ইসরায়েলে রকেট হামলা যে শুধু হামাস গেরিলারাই চালিয়ে থাকে তা নয়। অন্যান্য দলগুলোও রকেট হামলা চালায়। সোমবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে নব্য একটি সালাফি সংগঠন। এটি মুজাহিদিনদের শুরা কাউন্সিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৯ঘ.