ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চীনা ধাঁচের সমাজতন্ত্রের ব্রতকে আরো সফলভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট হু জিনতাও বলেছেন, এ লক্ষ্য অর্জনে সবাইকে অবিরাম একযোগে কাজ করে যেতে হবে।
শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮ তম জাতীয় কংগ্রেসে জিয়াং সু প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে এক প্যানেল আলোচনায় জিনতাও এ আহ্বান জানান।
শুক্রবার সিপিসি’র ১৮ তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, “এটি হচ্ছে, নতুন পরিস্থিতিতে চীনা বৈশিষ্ট্যমন্ডিত সমাজতন্ত্রের নতুন বিজয় অর্জনের লক্ষ্যে একটি রাজনৈতিক ইশতেহার ও কর্মপরিকল্পনা।”
এর মর্ম উপলব্ধি করে দলকে তা বাস্তবায়নের আহ্বান জানান জিনতাও। চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।
প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “একটি নবযাত্রা হিসাবে ১৮ তম কংগ্রেসের সমীক্ষাকে গ্রহণ ও এর মূলমন্ত্র বাস্তবায়ন করব আমরা। পুরোপুরিভাবে আমাদের কর্তব্য ও লক্ষ্য অনুধাবন করব এবং চীনা বৈশিষ্ট্যমন্ডিত সমাজতন্ত্রকে সামনে এগিয়ে নেয়ায় আরো বেশি উদ্যোগী হব।”
এর আগে বৃহস্পতিবার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট জিনতাও ‘চীনা ধাঁচের সমাজতান্ত্রিক পথে অবিচলভাবে এগিয়ে চলা এবং সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য সংগ্রাম’ শীর্ষক ওই প্রতিবেদন পেশ করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল’ (সিআরআই) জানিয়েছে, প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় জিনতাও বিশেষ করে ৫ টি বিষয় সঠিকভাবে উপলব্ধি করার ওপর জোর দেন।
এগুলো হচ্ছে: সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা আর সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া বেগবান করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা, বৈজ্ঞানিক উন্নয়নের মর্ম উপলব্ধি করাসহ জনগণের জীবিকার নিশ্চয়তা বিধান ও উন্নয়নের লক্ষ্যে কর্মকাণ্ড জোরদার করা, বাস্তুতান্ত্রিক সভ্যতা প্রতিষ্ঠার গুরুত্ব এবং চীনা বৈশিষ্ট্যমন্ডিত মূল্যবোধের আলোকে সিপিসি’র বৈজ্ঞানিক মান উন্নত করা।
অন্যদিকে, থিয়ানচিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার সময় চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, “হু জিনতাওয়ের প্রতিবেদনে গত ৫ থেকে ১০ বছরের সফলতা ও মৌলিক অভিজ্ঞতার সারসংকলন করা হয়েছে এবং গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী ৫ বছর ও তারও পরের লক্ষ্য ও কর্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা এ লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে চীনা ধাঁচের সমাজতান্ত্রিক ব্রত নিরবিচ্ছিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/১৯৩৭ঘ.
bdnews24