লন্ডন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তালেবান হামলায় আহত পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কারের আবেদন জানিয়েছে যুক্তরাজ্যের হাজার হাজার নাগরিক।
পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের নেতৃত্বে মালালার পক্ষে পরিচালিত এক প্রচারাভিযানে এ আবেদন জানানো হয়।
এ দাবির পক্ষে শুক্রবার আন্তর্জাতিক আবেদন মঞ্চ ‘চেঞ্জ ডট অর্গ’ এর মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও যুক্তরাজ্যের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে একটি আবেদনপত্র পেশ করেন প্রচারাভিযানের নেত্রী শাহিদা চৌধুুরি।
এতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের ৩০ হাজারেরও বেশি নাগরিক। কানাডা, ফ্রান্স ও স্পেনেও মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে একই ধরনের প্রচার চলছে।
আবেদনে শাহিদা চৌধুরি বলেন, “মালালা শুধু কিশোরীদের প্রতিনিধিত্ব করেন না, শুধুমাত্র নারী হওয়ার কারণে যাদের শিক্ষার অধিকার হরণ করা হয় মালালা তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলেন।”
পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীদের শিক্ষা অধিকার হরণ করার তালেবানি প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন ১৫ বছরের কিশোরী মালালা ইউসুফজাই। নারী শিক্ষার পক্ষে প্রকাশ্যে প্রচারণা শুরু করেন তিনি।
এরই জের ধরে ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে মালালাকে বহনকারী স্কুল বাসে হামলা চালায় তালেবান জঙ্গিরা, খুব কাছ থেকে মালালাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। মারাত্মক আহত মালালাকে পাকিস্তানের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার পর আরো নিবিড় পরিচর্যার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।
একমাস আগে যুক্তরাজ্যে নেওয়ার সময় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন মালালা। যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজবেথ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্ববধানে অনেকটা নিজেকে ফিরে পেয়েছেন তিনি। তার অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মালালার ওপর তালেবানদের এ হামলা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে নিন্দিত হয়। নারী অধিকার হরণের তালেবান প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধের এক ক্ষমতাশালী প্রতীকে পরিণত হন মালালা।
নোবেল পুরস্কার কমিটির আইনানুযায়ী সরকার বা জাতীয় আইনপরিষদের সদস্যদের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা নোবেল পুরস্কার দেয়ার জন্য নির্দিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24