ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সিএনএন দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের নারী, তরুণ ও শহুরে ভোটারদের সমর্থনই পুনর্বার বিজয়ী করেছে বারাক ওবামাকে।
বয়স্ক এবং পল্লী অঞ্চলের বাসিন্দাদের একচেটিয়া সমর্থন রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেলেও তা চাপা পড়েছে শহরাঞ্চল ও নারীদের মধ্যে ওবামার জনপ্রিয়তা।
মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট প্রার্থী ওবামাকে হোয়াইট হাউজে আরো চার বছর রাখার রায় দেয় যুক্তরাষ্ট্রের নাগরিকরা।
বুথ ফেরত জরিপ চালিয়ে সিএনএন দেখেছে, ৫৫ শতাংশ নারীর ভোট পড়েছে ওবামার বাক্সে। তার প্রতিদ্বন্দ্বী রমনি ৪৪ শতাংশ নারীর সমর্থন আদায় করতে পেরেছেন।
পুরুষ ভোটারদের পক্ষপাত দেখা গেছে রমনির প্রতি। ৫২ শতাংশ পুরুষ তাকে ভোট দিয়েছে, অন্যদিকে ওবামার প্রতি সমর্থন দেখিয়েছে ৪৫ শতাংশ।
সিএনএনের বয়সভিত্তিক জরিপে দেখা গেছে, তরুণদের একচেটিয়া সমর্থন যেমন পেয়েছেন ওবামা, ঠিক তেমনি বয়স্কদের নিরষ্কুশ পছন্দ রমনিকে।
১৮ থেকে ২৯ বছর পর্যন্ত বয়সীদের ৬০ শতাংশই ভোট দিয়েছেন ওবামাকে। রমনির ভাগ্যে জুটেছে এই বয়সসীমার মাত্র ৩৭ শতাংশের ভোট। ৩০ থেকে ৪৪ বছর বয়সী ভোটারদের ৫২ শতাংশ ওবামাকে এবং ৪৫ শতাংশ রমনিকে সমর্থন দিয়েছেন।
বয়স বাড়ার সঙ্গে এই চিত্র পুরো উল্টে যায়।
৪৫ থেকে ৬৪ বছর বয়স্ক ভোটারদের ৫১ শতাংশ রমনির প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। ওবামাকে ভোট দিয়েছেন ৪৭ শতাংশ। ৬৫ বছরের বেশি বয়সীদের ৫৬ শতাংশই রমনিকে ভোট দিয়ে ফিরেছেন। বৃদ্ধদের মধ্যে ওবামা পেয়েছেন ৪৪ শতাংশের সমর্থন।
শহুরে ওবামার সমর্থন একচেটিয়া। শহরবাসীদের ৬২ শতাংশ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের ওপর আস্থা রেখেছেন। অন্যদিকে রমনির প্রতি এই সমর্থন মাত্র ৩৬ শতাংশ।
উপশহরের বাসিন্দাদের মধ্যে দুই জনের সমর্থক প্রায় সমান-সমান। ওবামার পক্ষে ৪৮ শতাংশের বিপরীতে রমনির পক্ষে রায় দিয়েছে ৫০ শতাংশ।
তবে শহর ছাড়িয়ে পল্লীতে জয়জয়কার রিপাবলিকান রমনির। সেখানকার ৫৯ শতাংশ সমর্থকই তার। অন্যদিকে পল্লী অঞ্চলে ওবামাকে ভোট দিয়েছেন মাত্র ৩৯ শতাংশ।
নারী, তরুণ ও শহরে ভোটার বেশি হওয়ায় সামগ্রিকভাবে রায় গেছে ওবামার পক্ষে, হারতে হয়েছে রমনিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২২৫৭ ঘ.
bdnews24