২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে হামলায় নিহত শতাধিক

রাজধানী দামেস্কে তিনটি বোমা বিস্ফোরণসহ সিরিয়াজুড়ে বিক্ষিপ্ত হামলার ঘটনায় মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

জেদ্দা/আম্মান, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজধানী দামেস্কে তিনটি বোমা বিস্ফোরণসহ সিরিয়াজুড়ে বিক্ষিপ্ত হামলার ঘটনায় মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ওদিকে, সিরীয় পার্লামেন্টের স্পিকারের ভাইকে বন্দুকধারীরা হত্যা করেছে বলে জানানো হয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হাই আল-উরুদ এলাকায় একটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয় বলে জানানো হয়। পাহাড়ী এ এলাকাটিতে প্রেসিডেন্ট আসাদ সমর্থক শিয়া মুসলিমদের আলাওয়াইত বাহিনীর ঘাঁটি ও একটি সেনা আবাসন রয়েছে। এখান থেকে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এছাড়া ইবনে আল-নাফিস এলাকায় একটি শপিংমলের কাছে এবং দক্ষিণ দামেস্কের সুন্নি অধ্যুষিত আল-কাদাম এলাকায় আরেকটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এসব ঘটনা বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে এবং বিভিন্ন ভবনের ভাঙ্গা অংশের নিচে অনেকে চাপা পড়ে। দামেস্কের কাফর বাতনা এলাকায় আসাদ বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। এছাড়া, উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে জঙ্গিদের হামলায় ১২ জন সেনা নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দামেস্কের মিদান এলাকায় সিরীয় স্পিকারের ভাই মোহাম্মদ ওসামা আল-লাহামকে গুলি করে হত্যা করে বন্দুুকধারীরা। সিরিয়ায় গত ১৯ মাসের আসাদবিরোধী আন্দোলন ও সহিংসতায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। এ সহিংসতা চলতে থাকলে দেশটিতে সোমালিয়ার মতো ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের প্রতিনিধি লাখদার ব্রাহিমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯২৬ঘ.