২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ‘জয়ে’ বাংলাদেশিদের উল্লাস

বারাক ওবামা ‘জয়ী হওয়ায়’ বিজয় উল্লাসে মেতে উঠেছেন বাংলাদেশি-আমেরিকানরা। উল্লাস করতে দেখা গেছে চীনা, হিস্পানিকসহ অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীর মানুষদেরও। জানাচ্ছেন লাবলু আনসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হচ্ছেন বলে খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠেছেন অভিবাসী বাংলাদেশিরা। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গভীর রাতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিজয় উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। সেখানে বিজয় উল্লাসরত জনতার মধ্যে একটা বড় অংশই ছিলেন নানা দেশের অভিবাসী। ছিলেন চীনা, হিস্পানিকসহ অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীর মানুষরা, ছিলেন বহু বাংলাদেশি-আমেরিকানও। বারাক ওবামার নির্বাচনী সদর দফতর শিকাগোতে বিজয় উল্লাস তুঙ্গে উঠে স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকেই। একইসঙ্গে আনন্দের জোয়ার বয়ে যায় সারা দেশের ডেমোক্রেট শিবিরে। তবে, ভোটার বা এখনও ভোটার হননি নানা দেশের এমন দরিদ্র অভিবাসী মানুষজনের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই নির্বাচনী ফলাফল জানার জন্যে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্র“কলিনের চার্চ-ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, কুইন্সের জ্যামাইকা, ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউসহ পার্কচেষ্টারসহ বিভিন্ন স্থানে শত শত বাংলাদেশি সমবেত হন এবং মধ্যরাতের নীরবতা ভেঙ্গে বিজয় উৎসব করেন। হারিকেন স্যান্ডিতে নিউ ইয়র্কের খুবই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এই বিজয় উল্লাস যেন সবচেয়ে বেশি! নিউ ইয়র্কের অভিবাসীপ্রধান অঞ্চলগুলো ওবামার পুনর্নির্বাচিত হওয়ার আনন্দে দোলে উঠে। এসব অভিবাসীরা অনেকটা সংঘবদ্ধভাবেই ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থীকে। বাংলাদেশি-আমেরিকান ভোটারদের অনেকেই বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে পুনরায় ‘যুদ্ধবাজ রাষ্ট্র’ হয়ে না ওঠে সেজন্যই বারাক ওবামাকে ভোট দিয়েছেন তারা। ঐতিহ্যগতভাবেই ডেমোক্রেটদের প্রভাবে থাকা বাংলাদেশি অধ্যুষিত ব্র“কলিনের ভোটার সাহেদা ইসলাম এবং নূরজাহান নূরী সকালে ভোট দেওয়ার পরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হলে আমেরিকা আবারো কোনো না কোনো দেশে যুদ্ধ শুরু করবে বলে তাদের ধারণা। ব্র“কলিনের আরকে ভোটার বাংলাদেশের নজরুল ইসলাম বাবুলও ভোট দেওয়ার পর বলেন, “স্বল্প আয়ের আমেরিকানদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন ওবামা। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ আমেরিকাকে যুদ্ধবাজ রাষ্ট্রের অপবাদ এনে দিয়েছিলেন, ওবামা সে অবস্থা থেকে রক্ষার প্রয়াস চালাচ্ছেন।” ওবামার বিজয়ের পাশাপাশি নিউ ইয়র্কের ডেমোক্রেট নেতা গ্রেস ম্যাঙ কংগ্রেসে নির্বাচিত হওয়ায় ভীষণ আনন্দিত বাংলাদেশী-আমেরিকানরা। কেননা তাদের অকুন্ঠ সমর্থন নিয়েই নির্বাচিত হয়েছেন তিনি। কুইন্সের ফ্লাশিং ও জ্যামাইকা এলাকা থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে ৬ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হন তিনি। জয়ী হলে ‘বাংলাদেশ ককাসে’ যোগদান করবেন বলে নির্বাচনী প্রচারাভিযানে অঙ্গীকার করেন গ্রেস ম্যাঙ। তাই তার বিজয় উৎসবেও বহু বাংলাদেশি অংশ নেন। একইভাবে বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যোসেফ ক্রাউলিসহ নির্বাচিত সকল সদস্যকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএমটি/১২২০ ঘ.