২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোদুল্যমান রাজ্যগুলোতে ‘জয়ী’ ওবামা

গণমাধ্যমগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারক গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে মিট রমনির চেয়ে এগিয়ে থেকে আবার হোয়াইট হাউজে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছেন বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 04:25 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারক গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে মিট রমনির চেয়ে এগিয়ে থেকে আবার হোয়াইট হাউজে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছেন বারাক ওবামা। এনবিসি ও সিএনএন এরই মধ্যে ওবামাকে বিজয়ী ঘোষণা করেছে। ‘ব্যাটেলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত কয়েকটি রাজ্যেই রয়েছে সবার নজর। ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া এই রাজ্যগুলো -ফ্লোরিডা, ওহাইও, ভার্জিনিয়া, উইসকনসিন, কলোরাডো, নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ‘এক্সিট পোলে’ এগিয়ে ছিলেন ওবামা। এর মধ্যে নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন, আইওয়া আর নিউ হ্যাম্পশায়ারে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ওবামা। এখন সবার চোখ ওহাইও, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার দিকে। এগুলো থেকে আসা আংশিক ফলে ব্যবধান এত কম যে এখনও গণমাধ্যমগুলো তা আন্দাজ করতে পারছেন না। রাজ্যগুলো থেকে গণনাকৃত ভোটের হিসেব আসার সঙ্গে সঙ্গে ইলেকটোরাল ভোটের মানচিত্র সাজিয়ে ফেলছে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। কোনো রাজ্যের আংশিক ভোট গণানার ফল এলেও ওবামা আর রমনির ভোটের অনুপাত দেখে রাজ্যটির ফল কার পক্ষে যাবে তা আগেভাইে বলে দিচ্ছে তারা। যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী। সিএনএন ও এনবিসির ইলেকটোরাল ভোটের মানচিত্রে এরই মধ্যে ওবামা ২৭০ পেরিয়ে গেছেন বলে দেখানো হয়েছে। কিন্তু অনেক আগে থেকেই কিছু রাজ্য ডেমক্রেট ও আর কিছু রাজ্য রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকায় সেগুলোর ইলেকটোরাল ভোট ইতিমধ্যেই ফলাফলের খাতায় উঠিয়ে ফেলেছে গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে। আগামী চার বছরের জন্য দেশের দায়িত্ব ওবামার হাতেই থাকবে, না রমনি পাবেন- তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১২ কোটি ভোটরের রায় দেওয়া প্রায় শেষের পথে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হতে শুরু করেছে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা)। পশ্চিমের রাজ্যগুলোতে ভোট শেষ হতে হতে পূর্বের প্রাথমিক ফল ঘোষণাও শুরু হয়ে যাবে। হোয়াইট হাউজে যেতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০২১ ঘ.