নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে বারাক ওবামা ও মিট রমনি ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে রেকর্ড গড়েছেন।
দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে প্রথম টেলিভিশন বিতর্কের পর দুই ঘণ্টারও কম সময়ে এ নিয়ে ১ কোটির বেশি টুইট হয়েছে। এ পর্যন্ত টুইটারের ইতিহাসে এটিই রেকর্ড সংখ্যক টুইট।
অন্যদিকে, ‘ওপেনসাইট’ এর তথ্যানুযায়ী, ২০০৮ সালে নির্বাচনের দিন টুইটারে মাত্র ২০ লাখের মত ‘টুইট’ করা হয়েছিল। বর্তমানে প্রতি ৬ সেকেন্ডে বিশ্বজুড়ে ১৮ লাখ টুইট করা হয়ে থাকে।
প্রেসিডেন্ট বারাক ওবামা চারবছর পর প্রচারাভিযানের জন্য সফলভাবে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন। মিট রমনিও প্রচারাভিযানের জন্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন।
নির্বাচনের প্রাক্কালে ওবামার ফেইসবুক পেজ ৩১ দশমিক ৮ মিলিয়ন ‘লাইক’ পেয়েছে। আর রমনির ফেইসবুক পেজ ‘লাইক’ পায় ১২ মিলিয়ন।
ডয়চে ভেলে’ র খবরে বলা হয়, ২০০৮ সালের তুলনায় যুক্তরাষ্ট্রে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দশগুণ ও টুইটার ব্যবহারকারীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিকই ফেইসবুক ব্যবহার করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এর আগে কখনই প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি ব্যবহার করেননি।
সেদিক থেকে ২০১২ সালের নির্বাচন এক নতুন মাত্রার সূচনা করেছে। এবারই প্রথম ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে সামজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করেছেন উভয় প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এইচএ/২০১৩ঘ.
bdnews24