২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দোদুল্যমান’ আট

গণমাধ্যমগুলো আর জরিপ সংস্থাগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যের ভোটই নির্ধারণ করে দেবে কে হচ্ছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী- বারাক ওবামা, না কি মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমগুলো আর জরিপ সংস্থাগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যের ভোটই নির্ধারণ করে দেবে কে হচ্ছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী- বারাক ওবামা, না কি মিট রমনি। ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া এই রাজ্যগুলো হচ্ছে ফ্লোরিডা, ওহাইও, ভার্জিনিয়া, উইসকনসিন, কলোরাডো, নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার। ফ্লোরিডা (২৯ ভোট) ‘দ্য সানশাইন স্টেট’ ফ্লোরিডার ভোট ১৯৯৬ সাল থেকে সবসময় জয়ী প্রেসিডেন্টের পক্ষে গেছে। ২০০০ সালে জর্জ বুশ আর আল গোরের প্রতিদ্বন্দ্বিতা এত কাছাকাছি ছিল যে শেষে ভোট আবার গোনার সিদ্ধান্ত হয়। তবে সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। জয়ী হয়ে হোয়াইট হাউজে বসেন বুশ। এ রাজ্যের উত্তরে শেতাঙ্গ প্রটেস্টানরা ডেমক্রেট সমর্থক। দক্ষিণে কিউবান-আমেরিকানরা রিপাবলিকানদের ভোট দেয়। মিয়ামি ও টাম্পার শহুরে ভোটার আর কিউবা ছাড়া অন্যান্য হিসপানিকরা কিছুটা ডেমক্রেটমুখী। তবে ভোটারদের মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে অর্থনৈতিক ইস্যুগুলো। ওহাইও (১৮ ভোট) সাতজন সাবেক প্রেসিডেন্টের জন্মস্থান ওহাইও এবারের মার্কিন নির্বাচনে বড় ভূমিকা রাখবে। ১৯৬০ সাল থেকে এ রাজ্যে যিনি জিতেছেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০১০ সালে এখানে সিনেট আসন আর গর্ভনরের পদ জিতে রিপাবলিকানরা এ নির্বাচনেও জেতার আশা করছে। ২০০৭-২০০৯ সালের মন্দায় ধকল গেছে রাজ্যটির ওপর দিয়ে। ভোটারদের মনে এর প্রভাব থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কলোরাডো (৯ ভোট) পশ্চিমাঞ্চলীয় অন্যান্য রাজ্যগুলোর মতো কলোরাডোতে হিসপানিক জনগোষ্ঠী বাড়ছে। সম্প্রতিক সময়গুলোতে তাই ডেমক্রেটদের দিকে সমর্থন বাড়ছে। তবে আগে এটা ছিল রিপাবলিকানদের শক্ত ঘাটি। টানা তিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাথী জেতার পর ২০০৮ সালে ওবামা এখান থেকে জিতেছিলেন। কিন্তু তাই বলে এটা ডেমোক্রেটদের জন্য মোটেও নিরাপদ ঘাটি নয়। কারণ ২০১০ সালে রিপাবলিকানরা হাউজ অব রিপ্রেজেনটিটিভে দুটি আসন জিতে নেয়। ডেনভার ও বোল্ডারের মতো শহরে ডেমক্রেটদের সমর্থন বেশি। আর পল্লী এলাকাগুলো আর কলোরাডো স্প্রিং এলাকা রিপাবলিকানদের শক্ত ঘাটি। আইওয়া (৬ ভোট) ২০০০ সালে ডেমক্রেটরা জিতেছিল আইওয়াতে। ২০০৪ সালে বুশ তা রিপাবলিকানদের করে নেন। গত নির্বাচনে ওবামা আবার আসনটি উদ্ধার করেন। রাজ্যটির পশ্চিমের কৃষিভূমিতে রিপাবলিকানদের সমর্থক বেশি। আবার শহরাঞ্চল আর পূর্বাঞ্চল ডেমক্রেটদের এলাকা। এ রাজ্যে কৃষি ও পশুখামারের ছড়াছড়ি থাকায় কৃষকের জন্য ভর্তূকির বিষয়টি ভোটে বেশ গুরুত্বপূর্ণ ইস্যু। নেভাডা (৬ ভোট) রূপার খনির জন্য বিখ্যাত ‘সিলভার স্টেট’ নেভাডার সবচেয়ে বড় আকর্ষণ লাস ভেগাস। ১৯৮০ সাল থেকেই নেভাডার ভোট প্রেসিডেন্ট নির্বাচনে জয়ীদের পক্ষেই গেছে। ২০০৮ সালে বারাক ওবামা এখানে ভালো ব্যবধানেই জেতেন। কিন্তু এর আগের দুই নির্বাচনে জিতেছিলেন রিপাবলিকান জর্জ বুশ। এ রাজ্যটিতেও হিসপানিক জনগোষ্ঠী বাড়ছে। তাই অভিবাসী ইস্যুটি নির্বাচনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মন্দার কবলে পরে নেভাডায় বেকারত্ব বেড়েছে বলে ডেমক্রেটরা কিছু সমর্থক হারিয়েছে। লাস ভেগাসে ওবামা বেশি ভোট পাবেন। তবে অন্যান্য এলাকায় রমনি এগিয়ে রয়েছেন। আর খামারগুলো আর সামরিক ঘাটির ভোট দুই পক্ষেই যাবে। নিউ হ্যাম্পশায়ার (৪ ভোট) ‘গ্রানাইট স্টেট’ নিউ হ্যাম্পশায়ার উদারপন্থী রাজ্য হলেও এখানে রিপাবলিকানদের দিকে সমর্থন বেশি। অবশ্য ওবামা বেশ ভালো ব্যবধানেই এখানে জিতেছিলেন। ২০০৪ সালেও এটি ডেমক্রেটদের দখলে ছিল। বুশ এখানে জিতেছিলেন ২০০০ সালে। মার্কিন নির্বাচনে সবার আগে ভোট দেয়ার গর্ব এ রাজ্যের দুটি গ্রামের ভোটারদের। ২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সিনেটের একটি আসন জিতে নেয়। আর রমনি পাশের ম্যাসাচুসেটস রাজ্যের গর্ভনর থাকায় এ রাজ্যেও তার বেশ প্রভাব রয়েছে। ভার্জিনিয়া (১৩ ভোট) দক্ষিণের বেশিরভাগ রাজ্যের মতো ভার্জিনিয়া ১৯৬০ এর দশক পর্যন্ত পুরোপুরি ডেমক্রেট সমর্থক ছিল। কিন্তু ধীরে ধীরে রাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাটি হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বাড়ায় এবং হিসপানিক জনগোষ্ঠী বাড়ায় ডেমক্রেটরা আবার সমর্থন ফিরে পাচ্ছে। ফলে এ রাজ্যটি এখন পুরোপুরি ‘দোদুল্যমান’। ওবামা ২০০৮ সালে এখানে মোটামুটি ব্যবধানে জিতেছিলেন। এ রাজ্য থেকে দুটো সিনেট আসনও ডেমক্রেটদের। কিন্তু ২০০৯ সালে রিপাবলিকানরা গর্ভনর নির্বাচনে জেতে। উইসকনসিন (১০ ভোট) ডেমক্রেটরা ১৯৮৮ সাল থেকে এ রাজ্যে সব প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও, ২০০০ ও ২০০৪ সালে রিপাবলিকানরা হেরেছে চুল ব্যবধানে। ২০১০ সালে তারা সিনেট আসনে আর গর্ভনর পদে জেতে। তাই এ রাজ্যে লড়াই হবে সমানে সমান। ওবামা ২০০৮ সালের ভালো ব্যবধানে জয়টা ধরে রাখতে চেষ্টা করবেন। এ রাজ্যে শক্তিশালী ইউনিয়ন আন্দোলনও তার পক্ষে। কিন্তু রমনির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ান এ রাজ্যের বাসিন্দা বলে রিপাবলিকানরা এবার আসনটি ছিনিয়ে নিতে চাইবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭২৫ ঘ.