২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকটোরাল ভোট: পূর্বাভাসে এগিয়ে ওবামা

আগামী চার বছরের জন্য নেতা বেছে নিতে যুক্তরাষ্ট্রের নাগিরকরা ভোট দিচ্ছেন মঙ্গলবার। তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী চার বছরের জন্য নেতা বেছে নিতে যুক্তরাষ্ট্রের নাগিরকরা ভোট দিচ্ছেন মঙ্গলবার। তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে। এ পদ্ধতিতে প্রতিটি রাজ্যে ভোটারদের রায়ে নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর নির্বাচিত হবেন। আর যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, ওই রাজ্যের সব ইলেকটোরাল ভোটও তারই পক্ষে যাবে। যিনি সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন হয়। এদিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণের মধ্য দিয়ে মোট ৫৩৮ জন ইলেকটর নির্বাচিত হবেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠক করে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা সারবেন তারা। এ পদ্ধতিতে কোনো প্রার্থী সারা দেশে জনগণের প্রত্যক্ষ সমর্থনের দিক থেকে এগিয়ে থাকলেও প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত ইলেকটরদের মধ্য থেকে প্রয়োজনীয় সমর্থন না পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ইলেকটরের সমর্থনে এগিয়ে থাকলেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবেন প্রেসিডেন্ট বারাক ওবামা বা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। আর এ দৌঁড়ে প্রেসিডেন্ট ওবামা এগিয়ে রয়েছেন বলে পূর্বাভাস দিয়েছেন দুই বিশেষজ্ঞ। দোদুল্যমান রাজ্যগুলোতে ওবামার পক্ষেই সমর্থনের পাল্লা ভারী দেখছেন তারা। ল্যারি সাবাটোর ‘ক্রিস্টাল বল’ ওয়েবসাইট ওবামার পক্ষে ২৯০ ইলেকটোরাল ভোটের পূর্বাভাস দিচ্ছে, যা নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের চেয়ে ২০ ভোট বেশি। অন্যদিকে, বিশ্লেষক নেট সিলভার নিউ ইয়র্ক টাইমসের ‘ফাইভথার্টিএইট’ ব্লগে ওবামা ৩০৭ টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন বলে পূর্বাভাস দিয়েছেন। অবশ্য রক্ষণশীল বিশ্লেষকরা ঠিক এর উল্টো পূর্বাভাসই দিচ্ছেন। সাবেক ডেমোক্র্যাট ডিক মরিসের পূর্বাভাস অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনি পাবেন ৩২৫ ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের জর্জ উইল রমনির জন্য ৩২১ ইলেকটোরাল ভোট প্রত্যাশা করছেন। তবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে নির্বাচনী ফলের পূর্বাভাস না দেয়া বেশ কিছু ওয়েবসাইটে ওবামাকেই সামান্য এগিয়ে রাখছে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ও ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ধারণা করছে, ওবামা অন্তত ২৪৩ ইলেকটোরাল কলেজ ভোটের ওপর নির্ভর করতে পারেন, যেখানে রমনি পেতে পারেন ২০৬ টি ভোট। বিশ্লেষক চার্লি কুকের প্রত্যাশা এর চেয়েও কম। আর তা হচ্ছে ওবামার জন্য ২৩৭ টি এবং রমনির জন্য ১৯১টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটর বিভিন্ন রাজ্যে দলের রাজ্য শাখার মনোনীত প্রতিনিধিরাই সেখানকার ইলেক্টর নির্বাচিত হন। সাধারণত নির্বাচনের আগের মাসগুলোতেই ইলেকটরদের মনোনয়ন চূড়ান্ত হয়ে থাকে। সংবিধান অনুযায়ী, প্রত্যেক রাজ্যেরই ইলেকটর মনোনয়নের স্বাধীনতা রয়েছে। অবশ্য কোনো কোনো রাজ্যে অন্যান্য নির্বাচনের প্রার্থী মনোনয়নের মতোই ইলেকটররা প্রাইমারি বা দলীয় ককাসে মনোনীত হন। ওকলাহোমা, ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনার মতো কোনো কোনো রাজ্যে দলীয় কনভেনশনের মাধ্যমে এই মনোনয়ন হয়ে থাকে। আর পেনসিলভানিয়ায় দলীয় প্রচার কমিটি স্থানীয় নির্বাচকদের নাম ঘোষণা করে। ইলেকটরের সংখ্যা বিভিন্ন রাজ্যে ইলেকটরের সংখ্যা নির্ধারিত হয় কংগ্রেসের উভয়ক্ষ সিনেট ও হাউস অফ রিপ্রেজেনটেটিভসে তাদের সদস্য সংখ্যার অনুপাতে। কোনো রাজ্যে কংগ্রেসের এই দুই কক্ষের যতো সংখ্যক আসন থাকে সেই রাজ্য থেকে সেই সংখ্যক ইলেকটর নির্বাচিত হন। এ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটরের সংখ্যা ৫৩৮। কারণ সিনেটরের সংখ্যা ১০০ এবং হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ৪৩৫ জন প্রতিনিধিত্ব করেন। আর এদের সঙ্গে রাজধানী ওয়াশিংটন ডি.সি থেকে তিন জন ইলেকটর নির্বাচিত হন। সবচেয়ে বেশি ইলেকটর যেসব রাজ্যে জনসংখ্যার অনুপাতে রাজ্যের ইলেকটরের সংখ্যা নির্ধারিত হয়। এ বিচারে সবচেয়ে বেশি ৫৫ জন ইলেকটর নির্বাচন করবে ক্যালিফোর্নিয়ার জনগণ। তারপর টেক্সাসে ৩৮, নিউ ইয়র্কে (২৯), ফ্লোরিডায় (২৯), ইলিনয়ে (২০) ও পেনসিলভানিয়া ২০ জন ইলেকটর নির্বাচিত হবেন। সবচেয়ে কম ইলেকটর যেসব রাজ্যে আলাস্কা, ডেলাওয়ার, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ভারমন্ট ও ওয়াইওমিং রাজ্যের জন্য বরাদ্দ ইলেকটরের সংখ্যা সবচেয়ে কম। এ রাজ্যগুলোর প্রতিটি থেকে মাত্র তিন জন করে ইলেকটর নির্বাচিত হবেন। প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত ২৭০টি ভোট পেতে হবে। তবে মনোনয়ন পাওয়ার সময় এসব ইলেক্টর কোনো একজন প্রার্থীকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিলেও তাকে ভোট দিতে আইনগতভাবে বাধ্য নন। এর আগে অনেক নির্বাচনেই ইলেকটরদের সমর্থন পাল্টানোর উদাহরণ রয়েছে। বর্তমানের নিয়ম অনুযায়ী, ৪৮টি রাজ্য ও ওয়াশিংটন ডি.সিতে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনে বিজয়ী প্রার্থীই সেই রাজ্যের সব ইলেকটরের সমর্থন পাবেন। তবে মেইন ও নেব্রাস্কা রাজ্য দুটিতে এই পদ্ধতি ভিন্ন। ভোটাররা কাকে ভোট দিচ্ছেন? সাধারণ নাগরিকদের অনেকেই ভাবতে পারেন যে, নির্বাচনের দিন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কিন্তু তারা আসলে ভোট দিচ্ছেন তাদের প্রার্থীর বা দলীয় ইলেকটরদের। ইলেক্টর নির্বাচনের জন্য প্রত্যিটি রাজ্য তার আইনসভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারে। তবে বর্তমানে সব রাজ্যেই কেন্দ্রীয় আইন অনুসারে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইলেকটর নির্বাচিত হন। এদিন বিভিন্ন প্রার্থী বা দলীয়ভাবে মনোনীত ইলেকটররা জনগণের ভোটে নির্বাচিত হন। ইলেকটরদের বৈঠক ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইলেক্টররা আগামী ১৭ ডিসেম্বর নিজ রাজ্যের রাজধানীতে মিলিত হয়ে দুটি আলাদা ব্যালটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন। ওই আনুষ্ঠানিকতার মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের নাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/এএইচ/জেকে/১১২৫ ঘ.