ওয়াশিংটন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা আর মিট রমনি বিভিন্ন নির্বাচনী ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছেন। সেইসঙ্গে শেষ মুহূর্তে ভোটারদের ভোটও প্রার্থনা করেছেন তারা।
প্রচারমাধ্যমেও গুরুত্ব পেয়েছে দেশের নানা ইস্যুতে বারাক ওবামা আর মিট রমনির মতামত। অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা প্রভৃতি নানা ইস্যু নিয়ে মাথা ঘামাচ্ছে ভোটাররা।
তাদের সুবিধার্থে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ওবামা আর রমনির দৃষ্টিভঙ্গির পার্থক্য তুলে ধরেছে বিবিসি। মঙ্গলবারের ভোটে চূড়ান্ত রায় জানাতে যা ভোটারদের জন্য সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
অর্থনীতি
এ খাতে প্রেসিডেন্ট ওবামার প্রতিশ্রুতি হচ্ছে তার নেয়া কর্মসূচিগুলোই অব্যাহত রাখা। ৪ বছরের শাসনামলে ‘দ্য আমেরিকান রিকভারি অ্যান্ড রিইনভেস্টমেন্ট অ্যাক্ট’ পাস করেন তিনি। এ আইন অনুযায়ী সরকার ৭৬৮ বিলিয়ন ডলারের প্রণোদনা কর্মসূচি নিয়েছে। এর আওতায় কর মওকুফ, শিক্ষা, অবকাঠামো, জ্বালানি, গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। তাছাড়া, অর্থনৈতিক মন্দা সামাল দিতে ওবামা সরকার কলম্বিয়া, পানামা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা ও বিনিয়োগ চুক্তিও সই করেছে।
অন্যদিকে, রমনির পরিকল্পনার মূলে রয়েছে কর কমানোর বিষয়টি। তাছাড়া, ওবামার স্বাস্থ্যসেবা আইন এবং ওয়াল স্ট্রিট ও ব্যাংক নীতি বাতিল করতে চান রমনি। অর্থনৈতিক প্রবৃদ্ধির টুটি চেপে ধরা বিধিবিধানগুলোও কমিয়ে ফেলতে চান তিনি। গাড়ি নির্মাণ খাতে সরকারি প্রণোদনারও বিরোধী তিনি।
কর
ওবামা বিভিন্ন ধরনের কর কমালেও বছরে ২৫০,০০০ ডলারের বেশি আয়ের বাড়ির জন্য কর হ্রাস করে বুশ প্রশাসন যে আইন জারি করেছিল তা বাতিল করতে চান। বাফে প্রস্তাবিত কর নীতি চান তিনি যাতে করে ধনীদের ওপর করের হার বাড়ে।
কিন্তু রমনি ক্ষমতায় গেলে বুশ আমলের সব কর হ্রাসই জারি রাখতে চান। কমাতে চান ব্যক্তিগত আয়কর। বিনিয়োগের আয়ের ওপর কর মওকুফ করতে চান। আবার সবচেয়ে বেশি কর প্রদানকারীর সর্বোচ্চ সুবিধাও নিশ্চিত করতে চান তিনি।
স্বাস্থ্যসেবা
স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় বীমা করতে অক্ষমদেরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান ওবামা। এজন্য সরকারি অনুদানও দিতে চান তিনি। কিন্তু রমনি তার এ নীতি বাতিলের পক্ষে। বীমা করতে অপারগ মানুষদের জন্য বীমা সহজ করতে তিনি চান বীমা কোম্পানিগুলোকে সুবিধা দিতে।
অভিবাসন
ওবামা অবৈধ তরুণ অভিবাসীদের বৈধতা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু রমনি এর তীব্র সমালোচনা করেছেন। অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রমনি বলেছেন, সরকারের এমন নীতি নেয়া উচিত যাতে অভিবাসীরা নিজেরাই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বাধ্য হয়।
জাতীয় নিরাপত্তা/প্রতিরক্ষা
ওবামা দেশের সামরিক ব্যয় কমাতে চান। ইরাক থেকে তিনি সেনা সরিয়েছেন। আফগানিস্তান থেকেও সেনা সরাতে চান তিনি। অন্যদিকে, রমনি চান সামরিক ব্যয় বাড়াতে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিপুল ব্যয়ে আগ্রহী রমনি। জননিরাপত্তায় আমলাতন্ত্রের প্রভাবও কমাতে চান তিনি।
ইরান
দুই প্রার্থীই ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করানোর ব্যাপারে একমত। তবে ফারাক হচ্ছে এর পদ্ধতি নিয়ে। ওবামা ইরানকে থামাতে এখনই যুদ্ধে যেতে আগ্রহী নন। তিনি এখনো আলোচনা চালাতে চান। আলোচনায় বসতে ইরানকে বাধ্য করতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে তিনি।
কিন্তু রমনি ইরানকে থামাতে এখনই দেশটিতে হামলা চালানোর পক্ষে। তাছাড়া, ভূমধ্যসাগর ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা উচিত বলেও তিনি মনে করেন। ইরান সরকারবিরোধীদেরকেও তিনি প্রকাশ্যে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন।
আফগানিস্তান
ওবামা প্রথমে আফগানিস্তানে সেনা বাড়ালেও এখন সেনা দেশে ফিরিয়ে নিচ্ছেন। ২০১৪ সালের শেষ নাগাদ বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেদেশ থেকে সেনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে চান তিনি।
রমনিও বলছেন তার লক্ষ্য হবে ২০১৪ সালের শেষ নাগাদ সফলভাবে আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু তিনি সেদেশ থেকে সেনা ফিরিয়ে নেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করেও দেখতে চান তিনি। মাঠ পর্যায়ে সামরিক বাহিনীর কমাণ্ডারদের মূল্যায়নের ভিত্তিতেই তিনি সেনা প্রত্যাহারের সিদ্বান্ত নিতে চান।
গর্ভপাত
ওবামা গর্ভপাতকে নারীর অধিকার হিসাবে স্বীকৃতি দিয়ে এর পক্ষে রয়েছেন। কিন্তু রমনি গর্ভপাতের বিরোধী। তিনি প্রেসিডেন্ট হলে তার শাসনামল জীবনের উপযোগী হবে বলে মত দিয়েছেন রমনি।
জ্বালানি
ওবামা স্বচ্ছ জ্বালানির জন্য বিনিয়োগকে সমর্থন করেন। অন্যদিকে, রমনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প, তেল অনুসন্ধান প্রকল্প এবং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের ওপর থেকে বাধা নিষেধ কমাতে চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৫৩ঘ.
bdnews24