ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার আত্মঘাতী বোমা হামলায় স্থানীয় তালেবান-বিরোধী বাহিনীর প্রধানসহ কমপক্ষে ৬ জন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখয়া প্রদেশের বুনের জেলায় তালেবানরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক সংবাদপত্র ‘দি ডন’।
ফাতেহ খান নামের ওই ব্যবসায়ী আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) সংশ্লিষ্ট একটি দলের স্থানীয় নেতা।
বানেরের দাগার এলাকায় তার গাড়ির সামনে আত্মঘাতী হামলা চালালে তিনজন দেহরক্ষীসহ তিনি নিহত হন। তার মালিকানাধীন ফাতেহ খান পেট্রোল পাম্পের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটে।
সোয়াত উপত্যকা থেকে তালেবানরা যেন বানের জেলায় প্রবেশ করতে না পারে এজন্য লস্কর নামের একটি রক্ষীবাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন খান।
এ হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তা নূর হাবিব। হামলাকারী একটি মোটরসাইকেলে ছিল বলে জানিয়েছেন তিনি।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান এ হামলার দায় স্বীকার করেছেন। অজ্ঞাত একটি স্থান থেকে ‘ডন’কে ফোনে এ স্বীকারোক্তি দেন তিনি।
কিন্তু এহসান জানিয়েছেন, হামলাকারী পায়ে হেটে গিয়ে গাড়িতে হামলা চালায়। এদিকে পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী মোটরসাইকেলে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২১৪ ঘ.
bdnews24