ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮৪ সালে ভারতে শিখবিরোধী যে সহিংসতা হয়েছিল তাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করার দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি আবেদন করা হয়েছে।
চার হাজার চারশ’ ৫৩ জন মানুষ আবেদনপত্রে সই করে ওই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার এমপি ওয়ারেন অঁচ পার্লামেন্টে এই আবেদন উত্থাপন করেন।
তাতে তিনি বলেন, “যতদিন পর্যন্ত এই সহিংসতাকে ‘শিখ বিরোধী সহিংসতা’ হিসেবে অভিহিত করা হবে ততদিন শিখ সম্প্রদায়ের ক্ষত প্রশমিত হবে না।”
১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এরপর রাজধানী নয়া দিল্লিতে ব্যাপকভাবে শিখবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন প্রায় তিন হাজার শিখ ধর্মাবলম্বী নিহত হন।
ইন্দিরা গান্ধী নিহত হওয়ার মাত্র চার মাস আগে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইরত শিখ বিদ্রোহীদের দমনে অভিযান পরিচালনা করে ভারত সরকার। তখন অমৃতসরে শিখদের ‘স্বর্ণমন্দিরে’ অভিযান চালানো হয়। তার জের ধরেই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
অস্ট্রেলীয় এমপির ওই আবেদনে শিখবিরোধী সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে “প্রয়োজনীয় সব পদক্ষেপ” গ্রহণে ভারতের প্রতি আহ্বান জানাতে আস্ট্রেলিয়া সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি ভারত সরকারের এক তদন্তে বলা হয়েছে, ১৯৮৪ সালে শিখদের ওপর হামলা স্বতস্ফূর্ত ছিল না। বরং ইন্দিরা গান্ধীর দল কংগ্রেসের কয়েকজন নেতা শিখদের ওপর হামলার জন্য উস্কানি দিয়েছিল।
তবে এই সহিংসতার ২৮ বছর পার হলেও এর জন্য এখনো কারো কোনো শাস্তি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৯০৯ ঘ.
bdnews24