যুক্তরাষ্ট্র, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইচআইভি ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের প্রায় অর্ধেকই মদ্যপান করলে আর ওষুধ সেবন করেন না বলে জানিয়েছেন গবেষকরা।
এ মারাত্মক অভ্যাসটি রোগীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।
যুক্তরাষ্ট্রের র্জার্নাল অব জেনারেল ইন্টারনাল মেডিসিন পত্রিকায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ২০০ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগীকে এক বছর ধরে পর্যবেক্ষণ করে দেখা যায়, তাদের ৫১ শতাংশ মদ্যপান করলে নিয়মিত ওষুধ সেবন করেন না।
অ্যালকোহল ও এইচআইভি ভাইরাস প্রতিরোধী ওষুধের মিশ্রণে শরীরে ক্ষতিকারক রাসায়নিক উৎপন্ন হয়, এমন ভ্রান্ত ধারণা থেকেই ওষুধ সেবন থেকে বিরত থাকেন রোগীরা। এ ক্ষেত্রে অ্যালকোহলের প্রভাবে ওষুধ সেবন করতে ভুলে যাওয়ার ঘটনা বরং কম ঘটে।
প্রধান গবেষক ও ইউনিভার্সিটি অব কানেটিকাটের অধ্যাপক সেথ ক্যালিচম্যান বলেন, রোগীর যদি যকৃতের কোনো রোগ না থাকে, তবে ওষুধ ও অ্যালকোহলের মিশ্রণের থেকেও অনেক বেশি ক্ষতিকর হবে ওষুধ সেবন না করার অভ্যাস।
মদ্যপানের ফলে সেবনকৃত ওষুধ রোগীর শরীরে মানিয়ে নিতে কিছুটা জটিলতা দেখা দেয়, তবে গবেষকরা মনে করছেন এইচআইভি’র ওষুধ অনিয়মিতভাবে সেবন করলে তার চেয়েও বেশি জটিলতা সৃষ্টি হতে পারে।
নিয়মিত ওষুধ সেবন শরীরে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। তবে অনিয়িমিতভাবে এ ওষুধ গ্রহণ করলে ওষুধটি ভাইরাস প্রতিরোধী ক্ষমতা হারাতে পারে। এর ফলে সম্পূর্ণ চিকিৎসাই বিফলে যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
এ গবেষণার শুরুতেই অংশগ্রহণকারী এইচআইভি ভাইরাস আক্রান্তদের মদ্যপানের অভ্যাস এবং এ সম্পর্কে তাদের বিশ্বাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তী এক বছরে তাদের নিয়মিত ওষুধ সেবন ও মদ্যপানের তথ্য সংগ্রহের জন্য প্রতি মাসে পর্যবেক্ষণের অধীনে আনা হয়। এসময় রোগীদের শরীরে ভাইরাসের ঘনত্ব ও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতাও পরীক্ষা করে দেখা হয়।
গবেষণায় দেখা যায়, ৫১ শতাংশ রোগী মদ্যপানের কারণে ওষুধ সেবন বন্ধ রেখেছেন। তাদের মধ্যে অর্ধেকের শরীরে ওষুধ মানিয়ে নিতে জটিলতা দেখা দিয়েছে।
এছাড়া ওষুধ গ্রহণ ছেড়ে দেয়া আরো অর্ধেক রোগী জানিয়েছেন, শরীর থেকে অ্যালকোহলের প্রভাব সম্পূর্ণ না কাটা পর্যন্ত ওষুধ সেবন করবেন না তারা।
তবে পরীক্ষায় ওষুধ ছেড়ে দেয়া রোগীদের শরীরে এইচআইভি ভাইরাসের ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে। এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিমাপক হিসেবে পরিচিত ‘সিডি৪’ কোষও কম পাওয়া গেছে তাদের শরীরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩৫ ঘ.
bdnews24