বৈরুত, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিদ্রোহীরা ৩টি সেনা তল্লাশি চৌকিতে হামলা চালানোর পর অন্ততপক্ষে ২৮ জন সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা।
আত্মসমর্পণকারী সেনাদের হত্যার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইন্টারনেটে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ হত্যাযজ্ঞের ঘটনাটি নিশ্চিত হলে এটি যুদ্ধপরাধ বলেই গণ্য হবে।
বৃহস্পতিবার আলেপ্পোর ৪০ কিলোমিটার দক্ষিণে সাকারেব শহরের কাছাকাছি সিরিয়ার উত্তর-দক্ষিণে বিস্তৃত মূল মহাসড়কে দুটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। তৃতীয় তল্লাশি চৌকিটি আলেপ্পোর সঙ্গে লাতাকিয়া শহরের সংযোগ সড়কের ওপর ছিলো।
বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় অন্তত পাঁচজন সেনা নিহত হয়। লাতাকিয়া শহরের তল্লাশি চৌকিতে অন্তত ২০ জন সেনাকে হত্যা করা হয়। কয়েকজন সেনা আত্মসমর্পণ করার পর তাদের গুলি করে মারা হয় বলে জানানো হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আত্মসমর্পণকারী সেনাদের ঠা-া মাথায় গুলি করে হত্যা করা হয়। গুলি করার আগে লাথি-ঘুষি মেরে, গালি দিয়ে অত্যাচার করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত ভিডিওটির জের ধরে এ হামলার কড়া নিন্দা ও সমালোচনা করেছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি আরো জানায়, এ হামলায় আসাদসমর্থক সেনা ও বিদ্রোহীসহ প্রায় ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী বিট্রেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। এদের মধ্যে ৭০ জন সরকারি সেনা, ৪৩ জন বেসামরিক নাগরিক এবং ৩৮ জন বিদ্রোহী বাহিনীর সদস্য বলে জানানো হয়।
এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও আল কায়েদার সমর্থক জঙ্গি সংগঠন জাবাত আল-নুসরাকে এ হামলার জন্য দায়ী করছে এসওএইচআর।
ওদিকে, এ হামলার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সাকারেব থেকে সেনাবাহিনীর শেষ ঘাঁটিটিও প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন পর্যবেক্ষণকারীরা।
এর ফলে দক্ষিণাঞ্চলের সাকারেব শহরের নিয়ন্ত্রণ হারালো আসাদ বাহিনী এবং আলেপ্পোতে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে তাদের শক্তি আরো কমলো।
গত মাসে বিদ্রোহীরা দামেস্ক-আলেপ্পো সংযোগকারী এ সড়কটি বিচ্ছিন্ন করে ফেলার পর থেকে আশপাশের এলাকায় বড় ধরনের সংঘাত চলছে।
গৃহযুদ্ধে রূপ নেয়া আসাদবিরোধী বিদ্রোহে দেশটির জঙ্গি সংগঠনগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে যা আন্তর্জাতিক অঙ্গনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, সিরিয়ায় ১৯ মাস ধরে চলতে থাকা সঙ্কট নিরসনে প্রদেশগুলোতে পৃথকভাবে যুদ্ধবিরতি এবং একটি অর্ন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছে চীন। এ ব্যাপারে চীন মধ্যপ্রাচ্যে জাতিসংঘ ও আরব লিগের নিয়োজিত প্রতিনিধি লাখদার ব্রাহিমিকে প্রস্তাব দিয়েছে।
গত মাসে লাখদার ব্রাহিমির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে সিরিয়ায় চারদিনের যুদ্ধবিরতিতে দুই পক্ষ একমত হলেও পরবর্তীতে চারদিনের আগেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
যুক্তরাষ্ট্র আরো বিশ্বাসযোগ্য ব্যক্তিত্বের সমন্বয় করে সিরিয়ায় আসাদবিরোধীদের নেতৃত্ব কৌশলে আরো সংশোধন আনার আহ্বান জানিয়েছে।
বুধবার জাগরেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, আগামী সপ্তাহে কাতারে আসাদবিরোধীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যা বিদ্রোহী জোটকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে।
গত ১৯ মাস ধরে চলতে থাকা আসাদবিরোধী বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/এলকিউ/১৭১৫ঘ.
bdnews24