নিউইয়র্ক, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলমগ্ন বাড়িগুলোতে বেঁচে থাকা কেউ আটকা পড়ে আছে কিনা খুঁজে দেখছে উদ্ধারকারীরা, অপ্রতুল জ্বালানীর জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আছে গাড়িগুলো আর ওদিকে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পূর্বউপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতের পর বৃহস্পতিবার এমনই ছিল নিউইয়র্ক শহর ও আশপাশের শহরগুলোর পরিস্থিতি।
রোববার থেকে বন্ধ থাকার পর নিউইয়র্কের সাবওয়ে ট্রেনগুলো অল্প কিছু এলাকায় কোনো রকমে চলছে, কিন্তু ম্যানহাটনের নিচু অঞ্চলের প্রায় অর্ধেকের বেশি এলাকায় তখনও বিদ্যুৎ ছিল না। নিকটবর্তী স্টাটেন দ্বীপ, নিউ জার্সির উপকূলসহ হবোকেন শহর এখনও জলোচ্ছ্বাস ও বন্যার ক্ষতচিহ্ন নিয়ে স্থবির হয়ে আছে।
গত সোমবার উত্তরপূর্ব যুক্তরাষ্ট্রে আঘাত হানা এই প্রলয়ঙ্করী ঝড়ে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৯৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধারকারীদের চলামান নিবিড় তল্লাশির পর এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন সরকারী কর্মকর্তারা।
নিউ জার্সির উপকূলীয় ছোট শহর সিসাইড হাইটস এর ৫৯ বছর বয়সী বাসিন্দা বব স্টুয়ার্ট একগাদা ভগ্নস্তুপের দিকে দেখিয়ে বলেন বলেন, “সারা জীবন কাজ করে যা অর্জন করেছি সব এখানে ছিল, এখানেই আমি থিতু হয়েছিলাম।”
নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বৃহস্পতিবার জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ১ হাজার দুর্গত মানুষকে উদ্ধার করা হয়েছে।
অন্ধকারাচ্ছন্ন নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা নিরাপত্তার অভাববোধ করছেন বলে জানিয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক পুলিশের অনুপস্থিতিতে অপরাধ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে আছেন তারা।
বাসিন্দাদের এ শঙ্কায় বিষয়ে মন্তব্য করার জন্য নিউইয়র্ক পুলিশেরও কাউকে খুঁজে পাওয়া যায়নি।
ম্যানহাটনের অ্যালফাবেট এলাকার ইডি এন্ড দ্যা উলফ রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী ওল্ফগ্যাং বান বলেন, “দিনের বেলা লোকজন নিরাপদ বোধ করলেও রাতে খুব শঙ্কিত হয়ে পড়েন। নিউইয়র্ক শহরের বেসামরিক স্বেচ্ছাসেবী নিরাপত্তারক্ষীরা রাস্তাগুলোতে টহল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এতেই বোঝা যায় ম্যানহাটনের নিচু এলাকাগুলো কতো অরক্ষিত অবস্থায় আছে।”
কুইন্স এলাকার আইন কর্মকর্তা রিচার্ড ব্রাউন জানিয়েছেন, ১৫ ব্যক্তির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আনা হয়েছে, এছাড়া গ্যাস স্টেশনে অন্য এক গাড়িচালককে বন্দুক উচিয়ে ভীতি প্রদর্শন করায় আরো এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
একটি ক্ষয়ক্ষতি নিরূপণকারী কোম্পানির হিসাব মতে, স্যান্ডির কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষতি হবে ২ হাজার কোটি ডলার আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫ হাজার কোটি ডলার। এসব সংখ্যা আগের অনুমিত হিসাবের দ্বিগুণ।
যুক্তরাষ্ট্রের ইন্স্যুরেন্স ইনফর্মেশন ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবগুলো বিপর্যয়ের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাবে স্যান্ডির অবস্থান চতুর্থ। প্রথম অবস্থানে আছে ২০০৫ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ক্যাটরিনা, এরপর ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলা এবং তৃতীয় স্থানে আছে ১৯৯২ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় এন্ড্রু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৯ ঘ.
bdnews24