২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা পরিকল্পনাযুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রেজোয়ান ফেরদৌসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বোস্টনের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বোস্টন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বোস্টনের আদালত। রেজোয়ান ফেরদৌস নামের ২৭ বছর বয়সী ওই যুবককে গত বছর সেপ্টেম্বরে কথিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে ‘ফাঁদে ফেলে’ গ্রেপ্তার করে এফবিআই। দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি বিমান দিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ওই দুই স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত চলতি বছর ২০ জুলাই তাকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর হামলা চালানোর লক্ষ্যে আল কায়েদাকে রসদ সরবরাহেরও অভিযোগ আনা হয় রেজোয়ানের বিরুদ্ধে। ম্যাসাচুসেটসের অধিবাসী রেজোয়ান বোস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে স্নাতক। বৃহস্পতিবার রায় ঘোষণার আগে হাতকড়া পরিহিত রেজোয়ান ফেরদৌসকে যখন আদালতে হাজির করা হয়, তখন তার পরিবারের সদস্য ও বন্ধু মিলিয়ে ডজনখানেক লোক উপস্থিত ছিলেন। আদালতের বাইরে দাঁড়িয়ে তারা চিৎকার করে রেজোয়ানের উদ্দেশে বলেন- ‘উই লাভ ইউ, উই সাপোর্ট ইউ’। রায় ঘোষণার আগে জেলা জজ রিচার্ড স্টেমস এই যুবককে বলেন, তার প্রত্যয়ী বক্তব্যে তিনি মুগ্ধ। “তোমাকে আমি কেনো লেকচার দেব না। তোমার জবানবন্দি পড়ে আমি নিশ্চিত যে নিজের আত্মার মুখোমুখি হওয়ার মতো চারিত্রিক দৃঢ়তা ও যোগ্যতা তোমার আছে। এই অভিযাত্রা শেষ করার দায়িত্ব আমি তোমার হাতেই ছেড়ে দিলাম।” রায় ঘোষণার পর রেজোয়ান আদালত ত্যাগ করার সময় তার মা আনা মারিয়া ফেরদৌস ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলে নিরপরাধ। আমরা আমেরিকার সবচেয়ে নির্দোষ পরিবার।” মামলার নথিপত্রে বলা হয়, রেজোয়ান ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ছদ্মবেশী এফবিআই সদস্যরা রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পেন্টাগন ও ক্যাপিটল ভবনে হামলা চালানোর ইচ্ছার কথা প্রকাশ করেন। এরপর এফবিআই সদস্যরা তার সহযোগী সেজে রেজোয়ানকে হামলা চালানোর জন্য বিস্ফোরক, একটি দূর নিয়ন্ত্রিত বিমান ও অস্ত্র সরবরাহ করেন। ক্ষয়ক্ষতি এড়াতে রেজোয়ানকে আসলে দেয়া হয় ‘ভুয়া বিস্ফোরক’। এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে সেই ‘ভুয়া বোমা’ একটি কন্টেইনারে লাগানোর সময় গ্রেপ্তার করা হয় রেজোয়ানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১১০ ঘ.