ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে গান লেখায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ভিয়েতনামে দুই গীতিকারকে কারাদণ্ড দেয়া হয়েছে।
হো চি মিন সিটির একটি আদালত গীতিকার ত্রান ভু আন বিনকে ছয় বছরের এবং ভো মিন ত্রিকে চার বছরের কারাদণ্ড দেয় বলে জানিয়েছে বিবিসি।
২০১১ সালের শেষ দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
এই দুই গীতিকারের গানে বিভিন্ন সামাজিক অসঙ্গতির পাশাপাশি দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে চীনের তৎপরতার সমালোচনাও রয়েছে। দক্ষিণ চীন সাগরে অমীমাংসিত এলাকা নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে গত কয়েক মাস ধরেই টানাপড়েন চলছে।
দুই গীতিকারের বিচার শুরু হওয়ার আগে থেকেই এ ঘটনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সোমবার এক বিবৃতিতে তাদের মুক্তির দাবি জানায় ভিয়েতনামে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক রুপার্ট অ্যাবোট।
কয়েক সপ্তাহ আগে তিনজন ভিয়েতনামি ব্লগারকে সরকারবিরোধী প্রচারণা চালানোর অভিযোগে চার থেকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
দুর্নীতি, অব্যবস্থাপনা ও দেশের অস্থিতিশীল অর্থনীতি নিয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়ায় বর্তমানে সরকারের সমালোচনা করাটা বেশ স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হঠাৎ করে সম্পদশালী হয়ে ওঠা কিছু কর্মকর্তার আচরণের জন্য এ মাসের শুরুর দিকেই জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২২৯ ঘ.
bdnews24