২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্পদ বণ্টনে অসমতা আরো বাড়বে’

বিশ্বে শিশুমৃত্যুর হার কমে এসেছে। কিন্তু সম্পদের বণ্টনে অসমতা অব্যাহত থাকলে এই অগ্রগতি ধরে রাখা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২০ বছর ধরে বিশ্বে সম্পদের বণ্টনে অসমতা সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং সামনের বছরগুলোতে তা আরো বাড়বে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন পরিকল্পনাগুলো বাঁধাগ্রস্ত হবে। শিশু অধিকার সংস্থা সেইভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিগত বছরগুলোতে সারা বিশ্বে শিশুমৃত্যুর হার কমে আসলেও, সমাজের বিভিন্ন আয়ের শ্রেণীগোষ্ঠীর মধ্যে এ হারে তারতম্য রয়েছে। সম্পদ বণ্টনের অসমতা অব্যাহত থাকলে জীবনযাত্রার মান উন্নয়নের পথে তা বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে এ প্রতিবেদনে মন্তব্য করা হয়। সেইভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফোরসিথ বলেন, সাম্প্রতিক বছরগুলো সারা বিশ্বে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে নাটকীয় সাফল্য দেখা গেছে। এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যে আমাদের জীবদ্দশাতেই শিশুমৃত্যুর প্রতিরোধযোগ্য কিছু কারণকে আমরা সম্পূর্ণরূপে দূর করতে পারি। “তবে সম্পদ বণ্টনের অসমতা দূর না করতে পারলে ভবিষ্যতে কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হবে না। বিভিন্ন দেশ সত্যিকারের সমৃদ্ধির অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে”, বলেন তিনি। জাতিসংঘের শীর্ষ পর্যায়ে দারিদ্র বিষয়ক এক বৈঠকের ঠিক আগে এ প্রতিবেদনটি প্রকাশ করা হলো। ৩২টি উন্নয়নশীল দেশে সেইভ দ্য চিলড্রেনের পরিচালিত এ গবেষণায় দেখা যায়, এসব দেশে ধনীরা ১৯৯০ সালের পর থেকে জাতীয় আয়ে তাদের অংশ আরো বৃদ্ধি করেছে। তবে এসব দেশের এক পঞ্চমাংশে একই সময়ে দরিদ্রদের আয় আরো কমেছে। এ ব্যবধান বিশেষ করে শিশুদের ক্ষতিগ্রস্ত করবে এবং তাদের অবস্থার উন্নয়নে বাঁধা সৃষ্টি করছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। উদাহরণস্বরূপ তানজানিয়ার পরিস্থিতি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি চলাকালে তানজানিয়ার ধনী জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১৩৫ জন থেকে ৯০ জনে নেমে আসে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ হার প্রতি হাজারে ১৪০ জন থেকে ১৩৭ জনে নেমে আসে মাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৯ ঘ.