২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান প্রগতিশীল রাষ্ট্র’ দাবির প্রতি পশ্চিমাদের ভিন্নমত

ইসলামি জঙ্গিদের তান্ডব, সাম্প্রদায়িক সংঘাত এবং বিভিন্ন বিপর্যয়ে বিপর্যস্ত পাকিস্তানকে মানবাধিকার রক্ষায় সচেষ্ট একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছে পশ্চিমা রাষ্ট্রগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

জেনেভা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসলামি জঙ্গিদের তান্ডব, সাম্প্রদায়িক সংঘাত এবং বিভিন্ন বিপর্যয়ে বিপর্যস্ত পাকিস্তানকে মানবাধিকার রক্ষায় সচেষ্ট একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রদত্ত প্রতিবেদনে এ দাবি জানান হিনা। হিনা বলেন, “পাকিস্তান একটি গণতান্ত্রিক, বহু সাংস্কৃতিক প্রগতিশীল রাষ্ট্র। সমতার ভিত্তিতে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠাই এর লক্ষ্য। বৈচিত্র্য ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা এ রাষ্ট্রের বৈশিষ্ট্য।” তিনি ঘোষণা করেন “নির্বাচিত ও সার্বভৌম পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, অবাধ গণমাধ্যম, প্রাণবন্ত ও উদ্যমী নাগরিক সমাজ নিয়ে পাকিস্তান এখন একটি কার্যকরী গণতান্ত্রিক রাষ্ট্র”। কিন্তু হিনার এই স্বাপ্নিক বক্তব্যে বাঁধ সাধে পশ্চিমা দেশগুলো, পশ্চিমাবিরোধী বেলারুশও হিনার বক্তব্যের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করে। তারা অভিযোগ করে, পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা সামাজিক ও মানসিকভাবে বৈষম্যের শিকার। ভিন্নমতাবলম্বীদের প্রায়ই নির্মমভাবে দমন করে সেনাবাহিনী। আর মানবপাচার রোধে তেমন ব্যবস্থা গ্রহণ করেনি দেশটি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনার অংশ হিসেবে হিনা পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির ওই প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতি চার বছর পর পর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নিজ নিজ দেশের মানবাধিকার প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দিতে হয়। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এই নিয়ে দ্বিতীয়বার প্রতিবেদন জমা দিলো পাকিস্তান। তবে এমন এক সময় দিলো যখন মালালা ইউসুফজাই নামের শিক্ষা আন্দোলনের এক কিশোরী কর্মীকে গুলি করে মারাত্মক আহত করেছে দেশটির ইসলামি জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫১ ঘ.