আম্মান অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি শহরে মঙ্গলবার বিমানবাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আন্দোলনকর্মীরা।
দামেস্কর ৩শ’ কিলোমিটার উত্তরে মারাত আল নুমানে এ হামলা হয়। হামলায় বিধ্বস্ত ভবন থেকে একটি শিশুর লাশ টেনে বের করতে দেখা গেছে ভিডিও ফুটেজে। তবে এ ভিডিও’র সত্যাসত্য যাচাই করা যায় নি।
দামেস্ক-আলেপ্পো মহাসড়কের ওপর অবস্থিত ওই এলাকাটি বিদ্রোহীরা গতমাসে দখল করার পর থেকে সেখানে বিমান থেকে এমনকি স্থলপথেও বোমা হামলা চালিয়ে আসছে সেনাবাহিনী।
সিরিয়ার জঙ্গি বিমানগুলো মঙ্গলবার হোমস এর উপকণ্ঠে বিদ্রোহী অবস্থানগুলোতেও হামলা চালিয়েছে।
একটি সেনাঘাঁটিকে বিদ্রোহীদের অবরোধমুক্ত করতে এ হামলা চালায় সেনারা।
এতে হোমস এর ৬ কিলোমিটার দক্ষিণের আল মুবারকিয়েহ গ্রামে দুই বিদ্রোহী নিহত এবং ১০ জন আহত হয় বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকর্মীরা।
বিভিন্ন এলাকা বিদ্রোহীদের কব্জামুক্ত করতে সিরিয়ার সেনাবাহিনী বেপরোয়া সামরিক শক্তি ব্যবহার করছে। বিশেষত দামেস্ক এবং আলেপ্পোর বিদ্রোহী এলাকাগুলোতে জোর সামরিক অভিযান চলছে। এ হামলা প্রতিহত করার মতো কার্যকর হাতিয়ারের অভাবে আছে বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ঘ.
bdnews24