২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার কর্মী ছাঁটাই করছে ইউবিএস

ব্যাংকিং খাতে বিনিয়োগ কমানোসহ অর্থ সাশ্রয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সুইস ব্যাংক ইউবিএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

জুরিখ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাংকিং খাতে বিনিয়োগ কমানোসহ অর্থ সাশ্রয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সুইস ব্যাংক ইউবিএস। ব্যাংকিং বাণিজ্যে বিশ্বের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের ইউবিএস আগামী তিন বছরে কর্মী ছাঁটাই করবে। তবে কোথায় তা করা হবে সে ব্যাপারে কিছু জানায়নি ব্যাংকটি। যুক্তরাজ্যে বর্তমানে এ ব্যাংকের ৬ হাজার ৬শ’র বেশি কর্মী আছে। বেসরকারি এবং ছোট ছোট বিনিয়োগ ব্যাংকগুলো থেকেই ইউবিএস কর্মী ছাঁটাই করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে ইউবিএস এর লোকসান হয়েছে ৩৯ বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক। এ কারণে সুইস কর্তৃপক্ষের কাছ থেকে ঋণ সহায়তাও নিতে হয়েছে ব্যাংটিকে। ফলে এখন কর্মী ছাঁটাই করে ৩৪শ’ কোটি সুইস ফ্রাঙ্ক সাশ্রয়ের পরিকল্পনা করেছে ইউবিএস। এ সময়ের মধ্যে নির্দিষ্ট আয়ের কার্যক্রম ছাড়া বাকি সব ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকবে প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে ব্রিটেনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান লেম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষণার পরে এটাই সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা। গত বছর অর্থনৈতিক মন্দার কারণে কয়েক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি এবং একটি প্রতারণামূলক বিনিময়ে প্রায় ২৩০ কোটি ডলার হারানোর পরে এ সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হওয়ার পর ১৩ মাস আগে প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়া মেরিল লিঞ্চ ব্যাংকের ব্যাংকার সের্গিও এরমোত্তি এ সিদ্ধান্ত নেন। একট যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাক্সেল ওয়েবার ও প্রধান নির্বাহী এরমোত্তি জানান, আমরা এমন কোনো ক্ষেত্রে বিনিয়োগ করব না যেখান বিনিয়োগকৃত অর্থ স্বল্প বা দীর্ঘ মেয়াদে ফিরে আসবে না, অথবা কার্যক্রমে বড় ধরনের জটিলতা আছে। প্রতিষ্ঠানটির বর্তমান সহ-প্রধান কারস্টেন কেনগেটার ব্যবস্থাপনা পর্ষদ ছেড়ে দিয়ে ইউবিএস’র ছেড়ে দেওয়া অংশগুলোর নেতৃত্ব দিবেন। ইউবিএস’র অধীনে থাকা অংশগুলোর নেতৃত্ব দিবেন এরমোত্তির নিয়োগ করা ব্যাংক অব আমেরিকার সাবেক ব্যাংকার আন্দ্রেয়া ওরসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৪১ঘ.