২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজের অর্থনীতি

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কায় এসে জমায়েত হন, যা সৌদি অর্থনীতিতে যোগায় হাজার হাজার কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কায় এসে জমায়েত হন, যা সৌদি অর্থনীতিতে যোগায় হাজার হাজার কোটি টাকা। বিবিসির এর বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। হজব্রত পালনে আসা তিউনিসিয়ার ৫৩ বছর বয়সী মোহাম্মদ জায়ান সারাজীবন অপেক্ষার পর ধর্মীয় এই অবশ্য পালনীয় কৃত্যের জন্য মক্কায় এসেছেন। “আমি হজের জন্য ৪ লাখ ৮০ হাজার টাকারও বেশি খরচ করেছি। হজের জন্য প্রয়োজনীয় এই টাকা জমানোর সামর্থ্য দেওয়ার জন্য আমি আল্লার কাছে কৃতজ্ঞ। তবে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে আসতে পারিনি বলে আমার মন খারাপ।” মোহাম্মদ জায়ানের মতো ৪০ লাখ হাজির কাছ থেকে সৌদি আরবের রেস্তোরাঁ, ট্র্যাভেল এজেন্ট, এয়ারলাইনস ও মোবাইল ফোন কোম্পানি থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই হজের সময় প্রচুর আয় করে। আর এসব ব্যবসা থেকে পাওয়া করের মাধ্যমে সরকার লাভবান হচ্ছে। মক্কার চেম্বার অব কমার্সের তথ্যানুযায়ী গত বছর ১০ দিনের এই ধর্মীয়কৃত্য থেকে আয় হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা (দশ বিলিয়ন ডলার)। হজের সময় ব্যক্তিখাতগুলোতেও সর্বোচ্চ আয় হয়। হজের আগে রিয়েল এস্টেট ব্যবসা বিনিয়োগের একটি আকর্ষণীয় ক্ষেত্রে পরিণত হয়। পুরো সৌদি আরবের মধ্যে মক্কায় বাড়িভাড়া সবচেয়ে বেশি। প্রধান মসজিদ বায়তুল হারামের কাছের হোটেলগুলোতে প্রতিরাতের জন্য ঘর ভাড়া ৫৬ হাজার টাকা। ভাড়া দ্রুত বাড়তে থাকায় জন্য মক্কা আকাশচুম্বী ব্যয়ের স্থান হিসেবেও পরিচিতি পেয়েছে। মক্কার রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ সায়েদ আল জাহানি ৩৫ বছর ধরে এ খাতে বিনিয়োগ করছেন। তিনি বলেন,“আমার মনে পড়ে, প্রথমবার আমি এক বর্গ মিটার জায়গা মাত্র ১৫ রিয়েলে (৩ ডলার, ৩০০ টাকা) বিক্রি করেছিলাম, আর এখন ওই জায়গার দাম ৮০ হাজার রিয়েল (১৬ লাখ টাকা)।” “চাহিদার তুলনায় যোগান অনেক কম। আর এই কারণেই ক্রমবর্ধমান পূণ্যার্থীদের আবাসনের জন্য সা¤প্রতিক বছরগুলোতে প্রচুর ভবন ও হোটেল তৈরি হয়েছে,” বলেন এই ধনকুবের। সুউচ্চ ভবনগুলো মক্কার আকাশ ছেয়ে গেছে। প্রাচীন এই শহরের শত শত বছরের পুরনো এলাকাগুলো চকমকে বিলাসবহুল আধুনিক আবাসিক হোটেলগুলোকে জায়গা ছেড়ে দিচ্ছে। আর এই স¤প্রসারণকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখছে দেশটির রাজতান্ত্রিক সরকার। হজের সময় মক্কার বিভিন্ন স্মারকপণ্য (স্যুভেনিওর) বিক্রিও আরেকটি দারুণ লাভজনক ব্যবসা। এই ব্যবসার কোনো দাপ্তরিক হিসাব নেই। তবে প্রতি বছর এই খাতেও কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় বলে ধারণা করা হয়। নিজ দেশ মরিসাসে ফেরার সময় প্রিয়জনদের জন্য ব্যাগ বোঝাই উপহার ও স্মারকপণ্য নিয়ে যাচ্ছেন আহমেদ আব্দেল রহমান (৪৩)। “এগুলো আশীর্বাদপূর্ণ জিনিস,” বলেন তিনি। হাতে একটি তসবি, প্রকৃত দামের তিনগুণ দাম দিয়ে এটি কিনেছেন তিনি। উচ্চমূল্যের জায়নামাজ ও তসবির মতো পণ্যগুলো এখানকার তৈরি নয়। এগুলো চীন থেকে তৈরি হয়ে আসে। এসব সত্ত্বেও আব্দেল রহমান জানান, নিজের উপার্জিত অর্থ মক্কায় খরচ করে তিনি গভীর এক আধ্যাত্মিক সুখ অনুভব করেন। “আমার কাছে বিক্রেতাদের সুযোগসন্ধানী মনে হয়নি। আমরা আমাদের ইসলামি ভাইদের লাভ করতে সাহায্য করি যেন তারা নিজ নিজ প্রয়োজন মেটাতে পারে। এটা অত্যন্ত পূণ্যের কাজ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৩ ঘ.