সিতউয়ি, মিয়ানমার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের রাখাইন প্রদেশের উপকূলীয় শহর কাইয়াউকপাইউতে বৌদ্ধ রাখাইন ও মুসলমান রোহিঙ্গাদের মধ্যে ছয় দিনের দাঙ্গার পর রোববার আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন বেঁচে যাওয়া মুসলিম রোহিঙ্গারা।
জ্বলন্ত বাড়িঘর থেকে বের হয়ে বুলেটের মুখে পড়ে, সেখান থেকে মাছ ধরার নৌকায় আশ্রয় নিয়ে খোলা সাগরে ভেসে জীবন রক্ষা করতে হয়েছে তাদের।
জাতিসংঘ জানিয়েছে, এই দাঙ্গার পর ২২ হাজার ৫৮৭ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে ৮৪ জন।
চার সন্তানের জননী আশ্রা বানু বলেন, “আমাদের ঘরে থাকতে বলা হয়েছিল। কিন্তু ঘরে থাকার পর বাইরে থেকে তারা আগুন লাগিয়ে দেয়।”
২৪ অক্টোবর কাইয়াউকপাইউতে আশ্রা বানুদের এলাকা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে পালিয়ে আসেন তিনি।
“দৌঁড়ে বাড়ির বাইরে এসে আমরা গুলির মুখে পড়ি, পুলিশ আর রাখাইনরা মিলে গুলি করছিল। আগুন নেভানোর চেষ্টাও করতে পারিনি, প্রাণপণ দৌঁড়ানোর চেষ্টা করে গেছি।”
নিউ ইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ দাঙ্গার আগে ও পরের কাইয়াউকপাইউর স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায় কাইয়াউকপাইউর মুসলিম এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার ৮১১টিরও বেশি ভবন ও ভাসমান বাড়ি ধ্বংস করা হয়েছে।
রোববার নতুন কোনো সংঘর্ষ হয়েছে বলে শোনা যায়নি। তারপরও সিতউয়ির কাছে তে চায়ুঙ্গ আশ্রয় কেন্দ্রে নতুন শরণার্থীদের লম্বা মিছিল দেখা গেছে। এদের অধিকাংশই কাইয়াউকপাইউ থেকে আসছে।
ক্যাম্পে আশ্রয় নেওয়া ৬৩ বছরের বৃদ্ধা জামিলা বলেন, “ছুরি নিয়ে রাখাইনরা আমাদের মারতে আসে। তারা আমাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়, আমরা কিছুই আনতে পারিনি। যা পরে আছি এটাই এখন একমাত্র পোশাক। আমি আর ফিরতে পারব না।”
মিয়ানমার সরকারের হিসাব মতে ২১ অক্টোবরের পর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রায় ৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানানো হয়েছে, দাঙ্গায় নিহতের সংখ্যা ৬৭ জন থেকে বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
তবে দাঙ্গায় নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা মানবাধিকার গোষ্ঠীগুলোর।
অন্যদিকে রাখাইন বৌদ্ধরা দাবি করেছে, মুসলিমরাও তলোয়ার, ছুরি ইত্যাদি নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে, ঘরবাড়িতে আগুন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০০ ঘ.
bdnews24