২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন স্যান্ডির ঝুঁকিতে নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্রে ধেয়ে চলা হারিকেন স্যান্ডির ঝুঁকির মুখে পড়েছে নিউ ইয়র্ক। ভয়াবহ রূপ নিয়ে ঝড়টি আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নিউ ইয়র্ক, ২৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ধেয়ে চলা হারিকেন স্যান্ডির ঝুঁকির মুখে পড়েছে নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে স্যান্ডি সবচেয়ে ভয়াবহ ঝড়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়টি যে পথে অগ্রসর হচ্ছে তাতে এটি নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সির মধ্যেই কোথাও আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। আর সেকারণে বন্ধ রাখা হচ্ছে শহরের নাগরিক পরিবহন। নিউ ইয়র্কের সাবওয়ে, বাস এবং ট্রেন সার্ভিস রোববার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হচ্ছে স্কুলগুলোও। ৩ লাখ ৭৫ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। নিউ ইয়র্কের ওপর দিয়ে স্যান্ডি ধেয়ে যেতে পারে ফিলাডেলফিয়া এবং পেনিসেলভানিয়ায়। এর প্রভাবে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নিউ ইয়র্কসহ ওয়াশিংটন, বাল্টিমোর এবং ফিলাডেলফিয়ায়। ঠিক কোনো জায়গায় এ ঝড় তা-ব ঘটাবে তা আবহওয়াবিদরা নিশ্চিত করে বলতে না পারলেও সোমবার রাতের মধ্যে নিউ ইয়র্কের মেট্রোপোলিটন এলাকা স্যান্ডিকবলিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে লং আইল্যান্ড সাউন্ড এবং নিউ ইয়র্ক হারবার এ ১১ ফুট উঁচু জলোচ্ছাসেরও আশঙ্কা আছে। ফলে দুশ্চিন্তায় আছেন নিউ ইয়র্কের অধিবাসীরা। নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু ক্যুমো ইতোমধ্যেই অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি করেছেন। ঝড়ের পূর্বাভাসের মুখে মেট্র নর্থ এবং লং আইল্যান্ড রেল রোডও বন্ধ করে দেয়া হয়েছে। লং আইল্যান্ড এলাকার ফায়ার আইল্যান্ড সিটির অধিবাসীদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। নিউ জার্সি এবং কানেকটিকাটেও বিরাজ করছে একই পরিস্থিতি। নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বলেছেন, ‘যে কোন ধরনের ভয়ংকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রলয়ংকরী হারিকেন স্যান্ডিকে আমরা কোনভাবেই দুর্বল ভাবতে চাই না।” মঙ্গলবার ভোরে আটলান্টিক সিটিতে আঘাত হানতে পারে স্যান্ডি। স্যান্ডির পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওহাইয়ো ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে তুষারপাতের আশংকা করছে জাতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দেলওয়ারে অঙ্গরাজ্যে অবস্থিত সমুদ্র সৈকতে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ থেকে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। ওয়েস্ট ভার্জিনিয়ায় ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও আশংকা করছে আবহাওয়া দফতর। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারে হুমকি হয়ে দাঁড়িয়েছে হারিকেন স্যান্ডি। ঝড়ের আশঙ্কায় প্রচারাভিযানের সময়সূচি বদলাতে বাধ্য হচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, বাদ দিতে হচ্ছে আরো অনেক কর্মসূচিও। মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ঝড়ে প্রায় ছয় কোটি মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। প্রায় এক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশে এ ঝড়ের সময় নানা ধরনের দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় স্যান্ডিকে ‘ফ্র্যাঙ্কেনস্টর্ম’ নামে ডাকতে শুরু করেছেন আবহাওয়াবিদরা। ঝড়টি ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর আশেপাশে বাতাসের বেগ ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০৫২ঘ.