২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাদ্দাফির ঘাঁটি’ বনি ওয়ালিদ সরকারের নিয়ন্ত্রণে

সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ঘাঁটি হিসেবে পরিচিত বনি ওয়ালিদ শহরে জাতীয় পতাকা উড়িয়েছে লিবিয়ার নির্বাচিত সরকারের সমর্থক সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ঘাঁটি হিসেবে পরিচিত বনি ওয়ালিদ শহরে জাতীয় পতাকা উড়িয়েছে লিবিয়ার নির্বাচিত সরকারের সমর্থক সেনাবাহিনী। বুধবার বনি ওয়ালিদের রাস্তায় দেশটির গাদ্দাফি পরবর্তী সময়ে গ্রহণ করা জাতীয় পতাকা উড়িয়ে লিবীয় বাহিনী ঘুরে বেড়ায় বলে জানিয়েছে বিবিসি। দেশটির পশ্চিমাঞ্চলের এ শহরটির মূল হাসপাতাল, স্থানীয় বেতারকেন্দ্র ও বিমান বন্দরেরও নিয়ন্ত্রণ নেয়া হয়েছে বলে জানিয়েছে লিবীয় কর্তৃপক্ষ। বনি ওয়ালিদে এখনো গাদ্দাফির অনুগতরা অবস্থান করছে দাবি করে আসছিলো লিবীয় কর্তৃপক্ষ। শহরটির দখল নেয়ার জন্য অনেকদিন ধরেই গাদ্দাফি বিরোধীদের মূলকেন্দ্র মিসরাতা শহর থেকে বোমা হামলা চালানো হচ্ছিলো। এসব হামলার ফলে বনি ওয়ালিদেও কয়েক হাজার পরিবার শহরটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ত্রিপোলিতে কর্মরত রেডক্রস। পরিবারগুলো আশেপাশের বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন নিহত এবং অন্ততপক্ষে দুইশ’ জন আহত হয়েছে বলে জানানো হয়। ২০১১ সালের ২০ অক্টোবর গাদ্দাফির নিহত হওয়ার একবছর পর একইদিনে সংঘাতের ঘটনাটি ঘটে। রাজধানী ত্রিপোলি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে সব ধরনের সেনা তৎপরতা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শহরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। অবশ্য এখনো গাদ্দাফি অনুগতরা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে মিসরাতার মিলিশিয়া বাহিনী। মিলিশিয়া বাহিনীর কমান্ডার ওমার বাগদাদ বলেন, অধিকাংশ গাদ্দাফি সমর্থক উপত্যকার দিকে পালিয়ে গেলেও এ অঞ্চল সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত আমরা অবস্থান নিয়ে থাকবো। লিবিয়ার অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান মোহাম্মদ মাগারিফ বলেন, এখনো সম্পূর্ণ স্বাধীন নয় লিবিয়া। দেশটির সাধারণ মানুষের হাত থেকে অস্ত্র হস্তান্তরের বিষয়ে বেশ হিমশিম খাচ্ছে দেশটির নতুন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৪ ঘ.