খার্তুম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের রাজধানী খার্তুমে কয়েক দফা বিস্ফোরণের পর একটি অস্ত্র কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় ইসরায়েলকে দোষারোপ করেছে সুদান।
ইসরায়েলের বিমান হামলার কারণে অস্ত্র কারখানায় আগুন লেগেছে বলে অভিযোগ করেছে সুদান। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার ভোরে ইয়ারমোউক নামে গুলি ও অস্ত্র তৈরির কারখানায় এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এতে দুজন নিহত হয়েছে।
সুদানের তথ্যমন্ত্রী আহমেদ বেলাল ওসমান সাংবাদিকদের জানান, “ইয়ারমোউক কারখানায় আঘাত হেনেছে ৪ টি সামরিক বিমান... ইসরায়েল এর পেছনে আছে বলে ধারণা করছি আমরা।”
তিনি আরো বলেন, “ইসরায়েলে পাল্টা হামলা করার অধিকার রাখে সুদান।”
বিমান হামলায় দুইজন নিহত হয়েছে এবং কারখানা আংশিক ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
এর আগে প্রাথমিক খবরে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “এটি ছিল বিশাল বিস্ফোরণ। এখনো আপনি ভয়াবহ আগুন দেখতে পাবেন।”
খার্তুমের গভর্নর আবদুল রহমান আল-খিদার রহমান স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, “ভবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের সূত্রপাত হয়ে একটি স্টোর রুমে।”
গভর্নর রহমান জানান, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া হতাহতের আর কোনো ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২২০৩ ঘ.
bdnews24