ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কত ঢাকঢোল পিটিয়েই না শেয়ার বাজারে ঢুকেছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। যদিও এর আয় ১২৬ কোটি ডলার ছাড়িয়ে গেছে কিন্তু প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে লাগা ধাক্কা এখনও সামলে উঠতে পারছে না প্রতিষ্ঠানটি।
বিবিসি প্রকাশিত খবরে বলা হয়েছে, তৃতীয় প্রান্তিকের পর প্রকাশিত হিসেবে ফেইসবুক জানিয়েছে, তাদের আয় ৩২ শতাংশ বাড়ার পরও এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির ৫ কোটি ৯০ লাখ ডলার লোকসান হয়েছে।
জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ফেইসবুকের মোট আয় বেড়েছে ১২৬ কোটি ডলার। কিন্তু এতেও গত মে’তে শেয়ার মার্কেটে ঢোকার পর থেকে সৃষ্ট লোকসানের ধাক্কা সামলে ওঠা যায়নি। মে মাস থেকে এ পর্যন্ত ফেইসবুকের শেয়ার ৫০ শতাংশ মূল্য হারিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের বর্ধিত আয় প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সামগ্রিকভাবে এখনও লোকসানে আছে প্রতিষ্ঠানটি। গত প্রান্তিকে এর লোকসানের পরিমাণ ছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিষ্ঠানটি নিজের অনলাইনে প্রাধান্যকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখন কার্যত সংগ্রাম করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৯ ঘ.
bdnews24